২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অসুস্থতা নিয়ে মায়ার সংশয়

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 04:21 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বিএনপি চেয়ারপারসন ‘সত্যিই অসুস্থ হলে’ তার চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার সকালে দলের এক বর্ধিত সভায় খালেদার উদ্দেশে মায়া বলেন, “আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে বেরিয়ে আসেন, চিকিৎসা নেন।

“না হলে কোন হাসপাতালে চিকিৎসা নেবেন বলেন। আওয়ামী লীগ আপনার চিকিৎসার দায়িত্ব নেবে।”

গত সোমবার বিকালে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে গুলশানের কার্যালয় থেকে বেরোতে চেষ্টা করেন খালেদা জিয়া। এ সময় মহিলা দলের নেত্রীরা বিক্ষোভ করলে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে।

খালেদা জিয়া ওই সময় গাড়িতে থাকলেও পরে গাড়ি থেকে নেমে বক্তব্য দেওয়ার সময় তাকে বেশ কয়েকবার নাক-চোখ মুছতে দেখা যায়।

এরপর থেকে খালেদা জিয়া শ্বাসকষ্টের পাশাপাশি কাশি ও সর্দিসহ কিছু জটিলতায় ভুগছেন বলে বিএনপি নেতারা বলছেন। কয়েক দফায় কার্যালয়ে গিয়ে তাকে দেখে এসেছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের পরামর্শে খালেদা নেবুলাইজার নিচ্ছেন বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।

বিএনপি-জামায়াতের উদ্দেশে মায়া বলেন, “আর বেশি দিন নয়। জনগণ কিন্তু ফুঁসে উঠছে। যারা জনগণকে এখনো চেনেন নাই তারা কিন্তু মায়ের পেটে আছেন।

“আপনারা অবরুদ্ধ করে মানুষকে ব্যবসা করতে দেবেন না, সহিংসতা করবেন, মানুষকে হত্যা করবেন। জনগণ কিন্তু রাজপথে মোকাবেলা শুরু করে দিয়েছে।”

একই সভায় বিএনপিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, স্পষ্ট কথা, বিএনপিকে কোন ছাড় দেওয়া হবে না। তারা যেমন কার্যকলাপ করবে তাদের বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। ‘যেমন কুকুর, তেমন মুগুর’।

“খালেদা জিয়া ও তারেক রহমানের হঠকারী সিদ্ধান্ত বিএনপিকে কবরে নিয়ে যাচ্ছে।”

নগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির অনেক সিনিয়র নেতা আজকে চুপ আছে। বিএনপির কোনো নেতা-কর্মী মাঠে নেই।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী লুৎফুল কবির রেনুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।