বিএনপির ‘আউট সোর্সিংয়ের’ আন্দোলন টিকবে না: কামরুল
নেতাকর্মী না পেয়ে বিএনপি ‘ভাড়াটে লোক’ দিয়ে আন্দোলনের চেষ্টা করছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আউট সোর্সিংয়ের’ এ আন্দোলন বেশি দিন স্থায়ী হবে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলনের কথা বললেও তাদের ‘আসল উদ্দেশ্য’ খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাগুলো ‘প্রত্যাহার করানো’।
“তাদের এই উদ্দেশ্য সফল হবে না। খালেদা-তারেককে বিচারের মুখোমুখি হতেই হবে, মামলাগুলোর নিষ্পত্তি অবশ্যই হবে”, বলেন কামরুল।
৫ জানুয়ারি পূর্বঘোষিত কর্মসূটি পালন করতে না পেরে ওইদিন দেশব্যাপী লাগাতার অবরোধ ডাকেন নিজের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এরপর গত তিন দিনে ঢাকায় বিচ্ছিন্নভাবে গাড়ি পোড়ানোর ঘটনা ঘটলেও অবরোধের সমর্থনে নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
বিএনপি জোটের এ কর্মসূচির সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, “নির্দেশ দিয়ে নেতারা ঘরে বসে আছেন। কর্মীরাও মাঠে নামছে না। আউট সোর্সিংয়ের মাধ্যমে চলছে তাদের আন্দোলন। কিন্তু আউট সোর্সিংয়ের আন্দোলন খুব বেশি দিন চলে না।”
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ‘বুদ্ধিতে’ ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করার পর এখন তার ‘পরামর্শেই’ বিএনপি নতুন করে নাশকতা শুরু করেছে বলে মন্তব্য করেন কামরুল।
তিনি বলেন, “যত বড় শীর্ষ নেতাই হন না কেন, রাতের অন্ধকারে পেট্রোলবোমা মারার দায়ভার আপনাকেও বহন করতে হবে।”
বিশ্ব ইজতেমা সামনে রেখেও বিএনপি জোটের অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, "জামায়াতের পরামর্শে বিএনপি এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানের সময় অবরোধ চালিয়ে যাচ্ছে। কারণ জামায়াত তাবলীগ ও ঈদে মিলাদুন্নবীতে বিশ্বাস করে না।"
খালেদা জিয়া অসুস্থতার ‘ভান করে’ জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বলেও তিনি মন্তব্য করেন।
“তিনি যদি সত্যিই অসুস্থ হন, তাহলে তার উচিত কার্যালয়ে না থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া। সরকারকে তার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে অনুরোধ করছি।”
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
“একজন শিক্ষক কীভাবে রীতিমত ডাক্তার হয়ে যান তা আমাদের বোধগম্য নয়।”
গণতন্ত্র রক্ষা পরিষদ নামের নতুন একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্না, হাসিবুর রহমান মানিক বক্তব্য দেন।
