২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি না মানা পর্যন্ত অবরোধ: বিএনপি

দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 12:52 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

দলটির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সকালে বারিধারার একটি বাসায় একদল সাংবাদিকের কাছে দলের এই সিদ্ধান্তের কথা জানান।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিক নেতা শওকত মাহমুদও বলেন, “দেশনেত্রী বলেছেন, অবরোধ কর্মসূচি চলবে। কোনো বিরতি নেই। যতক্ষণ পর্যন্ত বিজয় না আসবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনার এই আন্দোলন চলবে।”

বিএনপি চেয়ারপারসনকে কেমন দেখলেন- জানতে চাইলে তিনি বলেন, “আমাদের মনে হয়েছে, তার মনোবল আগের চাইতে দৃঢ়।”

একদিন বাদে টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ সম্মেলন বিশ্ব ইজতেমা শুরু হতে যাওয়ায় বিএনপি নেতৃত্বের প্রতি অবরোধ প্রত্যাহারের আহ্বান রয়েছে।

এ বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে রিজভী বলেন, “সারাদেশে সরকারের দমন-পীড়ন অব্যাহত রয়েছে। গতকালও তিন জন নেতা-কর্মীকে হত্যা হয়েছে। প্রতিদিন তাদের নিষ্ঠুর নির্যাতনে সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীরা আহত হচ্ছে।

“এরকম পরিস্থিতিতে আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের ওপর দমন-পীড়ন বন্ধ করা না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সমাবেশের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের দাবি মেনে না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।”

নিজের গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারি কর্মসূচি পালন করতে না পারার পর সারাদেশে অবরোধ ডাকেন। তিনি এখনও ওই কার্যালয়েই রয়েছেন।

সোমবার খালেদা অবরোধ ডাকার পরদিন জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই রাতেই গোপনে অ্যাপোলো হাসপাতাল থেকে বেরিয়ে আসা রিজভী দুদিন ধরে সাংবাদিকদের কাছে দলীয় বক্তব্য প্রচার করছেন। শনিবার রাতে গুলশানে খালেদার পথ আটকানোর পর নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

রিজভীর অভিযোগ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের কার্যালয় থেকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না।

সোমবার বিকালে পূর্বঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনের জন্য খালেদা বেরোতে চাইলে কার্যালয়ে পিপার স্প্রে ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

অবিলম্বে গুলশানের কার্যালয়ের সামনে থেকে পুলিশ সরিয়ে নিয়ে বিএনপি নেত্রীর  স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান দলের এই যুগ্মমহাসচিব।

তার এ বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেয় পুলিশ, যেখানে গত শনিবার রাত থেকে অবস্থান করছেন বিএনপি নেত্রী।

সরকারের বিরুদ্ধে বিএনপিকে কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগ করে রিজভী বলেন, “সরকার বিরোধী দলকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দিচ্ছে না।

“দমননীতির মাধ্যমে তারা আমাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। হরতাল-অবরোধ এসব গণতান্ত্রিক কর্মসূচি। এসব কর্মসূচিতে তারা (সরকার) বাধা দিচ্ছে।”

পুরনো খবর:

অবরোধ স্থগিত হয়নি: বিএনপি