প্রতিফল হবে ভয়াবহ: খন্দকার মাহবুব
সরকারের আচরণের ভয়াবহ প্রতিফল হবে বলে সতর্ক করে দিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সাংবাদিকদের সামনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
খন্দকার মাহবুব বলেন, “ম্যাডাম যখন বন্দিশালা থেকে সুপ্রিম কোর্টে আইনজীবী সমাবেশ ও প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশে আসতে উদ্যোগ নিচ্ছিলেন, তখন তাকে তালা দেওয়া হয়েছে। সরকার এতটাই আতঙ্কিত যে, সেখানে তখন পেপার স্প্রে করা হয়েছে।
“আমরা আশঙ্কা করছি, ম্যাডামের জীবনকে ঝুঁকিপূর্ণ করতে হয়তো তার মধ্যে আরও কোনো বিষাক্ত জিনিস দিতে পারে। ডাক্তার সেখানে গিয়েছেন, ম্যাডামের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছে। আমরা জানি না, অবস্থার কতটা উন্নতি হয়েছে।”
অশুভ শক্তি খালেদা জিয়ার জীবননাশের প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, “কেমিকেল ব্যবহার করে তার জীবনকে আশঙ্কিত করা হয়েছে। তার প্রতিফলন একদিন হবে বাংলাদেশের মাটিতে।
“অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক। মামলা-হামলা করে অতীতে কোনো স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারে নাই, আপনারাও পারবেন না।”
খন্দকার মাহবুব বলেন, “আবেদন-অনুরোধ-দাবি জানাচ্ছি, দেশে একটি গণবিস্ফোরণ হওয়ার আগে সংবিধানের প্রতি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হোন।
“এইভাবে একটি দেশ চলতে পারে না। সারা বাংলাদেশ আজ অবরুদ্ধ। সাধারণ মানুষ আতঙ্কিত, নির্যাতিত। এর প্রতিফল ভয়াবহভাবে আসতে পারে, তা বুঝতে হবে।”
