২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের মুক্তি চান কাজী জাফর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি চেয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

মঙ্গলবার এক বিবৃতিতে কাজী জাফর বলেন, “অনতিবিলম্বে মির্জা ফখরুল সহ সারা দেশে গ্রেপ্তারকৃত ২০ দলীয় জোটের সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি সরকারকে আহ্বান জানাই, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অবৈধ সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করুন।”

৫ জানুয়ারির রাজনৈতিক উত্তাপের মধ্যে মঙ্গলবার সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনের কয়েক মিনিটের মধ্যে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবে অবস্থান করছিলেন তিনি।

এরই মধ্যে তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও মটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে।

অবশ্য কাজি জাফরের দাবি, মির্জা ফখরুলের গ্রেপ্তার ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’।

বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মতদ্বন্দ্বের এক পর্যায়ে এরশাদ বহিষ্কার করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরকে।

চীনকে অনুসরণকারী বামপন্থি রাজনীতিক কাজী জাফর বিএনপি হয়ে যোগ দিয়েছিলেন জাতীয় পার্টিতে, এরশাদের সময় প্রধানমন্ত্রীও হয়েছিলেন তিনি।

২০ দলীয় জোটের অন্যতম এই নেতা অভিযোগ করেন, “সারা দেশে এখন সরকারের নির্যাতন চলছে। জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানে তার কার্যালয়ে অবরুদ্ধ রেখে কার্যত গোটা জাতিকেই অবরুদ্ধ করে ফেলেছে সরকার।”

খালেদা জিয়া ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান তিনি।