হত্যা মামলার জন্য প্রস্তুত থাকুন: খালেদাকে ইনু
গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দায়ী করে তাকে হত্যা মামলা ও গ্রেপ্তারের জন্য প্রস্তুত থাকতে বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘চলমান রাজনীতি’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, “শাজাহানপুরে পাইপে পড়ে জিহাদের মৃত্যুর জন্য ঠিকাদারের বিরুদ্ধে যদি হত্যা মামলা হয়, তাহলে তিন বছরে বাংলাদেশে জঙ্গি তাণ্ডবের দায়-দায়িত্ব কার? খালেদা জিয়া কি উসকানিদাতা নয়?
“সুতরাং একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হওয়া ঘটনার উসকানিদাতা হিসাবে খালেদা জিয়াও হত্যা মামলার সম্মুখিন হবেন। উনি হত্যা মামলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।”
গত ২৮ ডিসেম্বর বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতালের আগে রাজধানীর কাজীপাড়ায় একটি অটোরিকশায় দেওয়া আগুনে এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন।
খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “হতে পারেন, যদি হত্যা মামলা হয়।”
খালেদার বিরুদ্ধে মামলার পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে ইনু বলেন, “সরকার কোনো পরিকল্পনা করে না। কেউ অপরাধ করলে সরকার পদক্ষেপ নেয়। অপরাধের ভিত্তিতে যে কেউ গ্রেপ্তার হতে পারে।”
জাসদ সভাপতি ইনু জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে, প্রশাসন বিষয়টি পরীক্ষা করছে।
নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজেনার মধ্যে গত ৩ জানুয়ারি থেকে নিজের গুলশানের কার্যালয়ে পুলিশের ঘেরাওয়ে অবরুদ্ধ হয়ে আছেন বিএনপি প্রধান খালেদা জিয়া।
এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, “খালেদা জিয়া অবরুদ্ধ নন, তাকে উসকানি দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। কোনো উসকানিদাতাকে আমরা ছাড় দেব না। শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকার বিএনপিসহ সবাইকেই দেওয়া হয়েছে।”
ইনু বলেন, ৫ জানুয়ারি নিয়ে ‘গুজব আর জনমনে আতঙ্ক’ ছড়িয়ে বলা হয়েছিল ঢাকায় ব্যাপক গোলোযোগ হবে, ‘সরকারের পতন’ হয়ে যাবে।
“সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিয়ে তারা দুইদিন আগ থেকেই বোমাবাজি ও গাড়িতে আগুন দেয়।”
দেশে ‘সভা-সমাবেশের অধিকার’ সবার থাকলেও রাজনৈতিক কর্মসূচির নামে ‘সহিংসতা করা’ গণতান্ত্রিক অধিকার নয় বলে মন্তব্য করেন ইনু।
“খালেদা জিয়া এর আগে সমাবেশ করলেও শান্তিপূর্ণ সভাবেশের নিশ্চয়তা দিতে সক্ষম হননি। সবকিছু জানার পরেও হাত গুটিয়ে বসে থাকলে তা সরকার-প্রশাসনের দায়িত্বহীনতা বলেই বিবেচিত হত। জনগণের জানমালের নিরাপত্তা দিতেই প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।”
বিএনপির ‘সন্ত্রাস, সহিংসতা, নাশকতা ও অশান্তির রাজনীতিকে’ সরকার প্রশ্রয় না দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে বলেও ইনু মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন ও আলোচনা খালেদা জিয়ার ‘মূল এজেন্ডা’ নয়। তার মূল উদ্দেশ্য রাজাকার ও জঙ্গিবাদিদের ‘দেশ ইজারা দেওয়া’।
“শান্তিপূর্ণ সমাবেশের গ্যারান্টি দিলে উনি (খালেদা জিয়া) যেখানে খুশি সমাবেশ করতে পারেন। গণতান্ত্রিক শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির আলাপ-আলোচনা চলে এবং আমি মনে করি তা চলা উচিত।
“কিন্তু জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধী প্রশ্নে খালেদা জিয়ার অবস্থান কী- তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার সঙ্গে আলোচনা হতে পারে না। তাকে আগে তার অবস্থান স্পষ্ট করতে হবে।”
প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মদ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
