খালেদার কার্যালয়ের সামনে এখনো পুলিশ
লাগাতার অবরোধের প্রথম সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।
ওই কার্যালয়ে কার্যত অবরুদ্ধ খালেদা জিয়া মঙ্গলবার তৃতীয় দিন পার করছেন।
৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকাল থেকে সারা দেশে অবরোধের ডাক দিয়ে বিএনপি নেত্রী গাড়ি থেকে নেমে ফের কার্যালয়ে ঢোকার পর সেখানে পুলিশের সংখ্যা কমানো হয়েছিল। তবে মঙ্গলবার সকালে আবার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের দুই স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।
পোশাকধারী পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দাদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ব্যাটালিয়ন পুলিশ। আছেন নারী পুলিশও।
কার্যালয়ের সামনে দুই দিকে পুলিশের লরি ও একটি জলকামানের গাড়ি রেখে সড়ক আটকে দেওয়া হয়েছে। আগের মতোই কার্যালয়ের কাছে প্রস্তুত রাখা হয়েছে একটি সাজোঁয়া যান।
গত দুইদিন সংবাদকর্মীরা কার্যালয়ের ভেতরে ঢুকতে পারলেও এখন তাদেরও কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। কার্যালয়ের ফটকে সোমবার দুপুরে পুলিশ যে তালা লাগিয়েছিল, তা এখনো আছে।
খালেদা জিয়ার সঙ্গে ওই কার্যালয়ে আটকা পড়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন সাবেক নারী সংসদ সদস্য।
কার্যালয়ের দোতলায় খালেদা জিয়া নিজের চেম্বারে আছেন। নেত্রীর জন্য শনিবার রাতেই বাসা থেকে খাট, তোষক ও কম্বল আনা হয়েছে বলে নেতারা জানিয়েছেন।
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলছে। দুপুরে চিকিৎসক আবার বেগম জিয়াকে দেখতে আসার কথা রয়েছে।”
সোমবার বিকালে পূর্বঘোষিত কর্মসূচি পালনের উদ্দেশ্যে খালেদা কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তার সঙ্গে থাকা নারীনেত্রীরা বিক্ষোভ করলে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। এতে সংবাদকর্মী, খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীসহ অনেকেই আক্রান্ত হন।
খালেদা জিয়া ওই সময় গাড়িতে থাকলেও পরে বক্তব্য এবং লাগাতার অবরোধের কর্মসূচি দেওয়ার সময় তাকেও বেশ কয়েকবার নাক-চোখ মুছতে দেখা যায়।
পরে রাতে বিএনপি চেয়ারপারসন অসুস্থবোধ করলে তার ব্যক্তিগত চিকিৎসকদের ডেকে নেওয়া হয় সেখানে।
গুলশানের ৮৬ নম্বর সড়কের কার্যালয়ে গত শনিবার রাত থেকে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন খালেদা জিয়া।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনের কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতে ওই কার্যালয় থেকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলে খালেদার পথ আটকায় পুলিশ। পরে আর সেখান থেকে বেরোতে পারেননি তিনি।
