২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে সাবধান করলেন মহিউদ্দিন

অস্থিতিশীলতা তৈরির যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে বলে বিএনপিকে সাবধান করে দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 09:09 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

সোমবার বিকালে নগরীর লালদিঘী মাঠে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’র উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।

মহিউদ্দিন চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ৫ জানুয়ারির পর এক বছর শেষ করেছে। আগামী চার বছরও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ।

নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা দুপুর থেকেই উপস্থিত হতে থাকে লালদিঘী ময়দানে। ব্যান্ড পার্টি, ঢোল, ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে হাজির হওয়া নেতাকর্মীদের মধ্যে ছিল উ‍ৎসবের আমেজ।

বিএনপিকে সতর্ক করে মহিউদ্দিন বলেন, “অস্থিতিশীলতা হলে বিএনপির কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।

“সাবধান করে দিচ্ছি। কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করবেন না। যদি করেন তাহলে রাজপথে তীব্রভাবে আপনাদের প্রতিহত করা হবে।”

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।