মন্ত্রিসভা ছাড়ার বিষয়ে ‘অচিরেই’ সিদ্ধান্ত: রওশন
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা থেকে দলের নেতাদের সরিয়ে আনতে ‘অচিরেই’ দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাতীয় পার্টিকে একটি প্রকৃত বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা আমাদের মন্ত্রীদের কেবিনেট থেকে প্রত্যাহার করার কথা বলেছি। এ বিষয়ে পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।”
তবে দেশে এখনই মধ্যবর্তী নির্বাচনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মনে করেন জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য।
যে নির্বাচনে অংশ নিয়ে সংসদে বিরোধী দল হওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় স্থান করে নেয় জাতীয় পার্টি, সেই দশম জাতীয় নির্বাচনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটি উদযাপন করছে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস হিসাবে’। অন্যদিকে ভোট বর্জন করা বিএনপি শরিকদের নিয়ে দিনটি পালন করছে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে।
সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রওশন বলেন, দশম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে।
৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি।
বিরোধীদলীয় নেতা বলেন, “অবশ্যই দেশে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করছে এবং জনগণ শান্তি চায়। এখনই মিডটার্ম ইলেকশনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ।জনগণ মধ্যবর্তী নির্বাচন চায় না।”
এক প্রশ্নে রওশন বলেন, “জনগণ নির্বাচনের দাবিতে তো মাঠে নামছে না, সোচ্চার হচ্ছে না। জনগণ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। জানমালের ক্ষতি হোক এমন কোনো রাজনৈতিক কর্মসূচি তারা চায় না।”
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে বিরোধী দল হিসেবে সরকার এবং বিএনপির মধ্যে আলোচনার উদ্যোগ জাতীয় পার্টি নেবে কি না জানতে চাইলে রওশন বলেন, “আমরা অবশ্যই দুটি রাজনৈতিক দলকেই আহ্বান জানাব।তার মানে এই না যে মিডটার্ম ইলেকশন করব। জনগণ যদি চায়, সেটা আমরা আলোচনা করব।”
দুই দিন ধরে পুলিশি ঘেরাওয়ের মধ্যে খালেদা জিয়ার নিজের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রওশন বলেন, “গণতন্ত্রের জন্য কাউকে আটকে রাখা আমরা কখনোই সমর্থন করি না। সরকার বলেছে, উনাকে অবরুদ্ধ রাখা হয়নি, বরং যা করা হয়েছে তা নিরাপত্তার খাতিরে করা হয়েছে। নিশ্চয়ই সরকারের কাছে এই সংক্রান্ত কোনো ইনফরমেশন আছে। এটা সরকারই ভালো বলতে পারবে।”
অন্যদের মধ্যে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
