২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. কামালের বাড়িতে মান্না-রব

৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে বৈঠক করেছেন ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না, যারা আওয়ামী লীগ-বিএনপির বাইরে তৃতীয় একটি রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 09:03 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রোববার রাতে গণফোরাম সভাপতি কামালের বেইলি রোডের বাড়িতে তারা একসঙ্গে বসেন।

আকস্মিক এই বৈঠকের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ওই বাড়িতে গেলে কামাল হোসেন তাদের বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

কেন এই বৈঠক জানতে চাইলে গণফোরাম সভাপতি বলেন, “দেশের পরিস্থিতি এমন এক মারমুখী পর্যায়ে পৌঁছেছে যে কিভাবে গণতন্ত্রকে সুসংসত করা যায়, আমরা সে বিষয় নিয়ে কথা বলেছি।”

“দুই দলের মধ্যে অর্থবহ সংলাপ এবং ঐক্য ছাড়া দেশবাসীর মুক্তি নাই,” বলেন আওয়ামী লীগের এক সময়ের এই নেতা।

তার সঙ্গে বৈঠকে থাকা নাগরিক ঐক্যের নেতা মান্না কয়েক বছর আগেও ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্বাধীনতাপূর্ব ছাত্রলীগের নেতা ও ডাকসুর ভিপি রব বর্তমানে জাসদ (জেএসডির) প্রধান।

তারা তিনজন একটি রাজনৈতিক জোট গড়ার প্রয়াস চালাচ্ছেন, যাতে বিকল্পধারা ও কৃষক, শ্রমিক, জনতা লীগের যোগ দেওয়া নিয়েও আলোচনা রয়েছে।

৫ জানুয়ারির উত্তাপের মধ্যে নিজের কার্যালয়ে কার্যত অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার দুপুরে দেখা করতে গিয়েছিলেন বিকল্পধারা সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তবে পুলিশ তাকে ঢুকতে দেয়নি।

কামাল বলেন, “বহুদলীয় গণতন্ত্রে অনেকগুলো দল থাকবে, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু সকলকে সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ১৬ কোটি মানুষ চায় দেশে অশান্তি না হোক, সকল সঙ্কট নিরসন হোক। দুই দলকে সহিষ্ণু আচরণ করতে হবে।”