খালেদার কার্যালয়ের সামনে ধস্তাধস্তি, আটক ২১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের বাইরে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে।
তিনদফায় ১৯ নারী নেত্রীসহ ২১ জনকে পুলিশ আটক করেছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদ ও লিটন হায়দার।
বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রোববার বেলা ১২টার দিকে ওই কার্যালয়ে কার্যত অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এলে পুলিশ তাকে ফিরিয়ে দেয়।
‘অবৈধ সরকার মানি না/মানব না’, ‘খালেদা জিয়ার ভয় নেই/রাজপথ ছাড়ি নাই’, ‘খালেদা জিয়া অবরুদ্ধ কেন/শেখ হাসিনা জবাব চাই’- এরকম স্লোগান শোনা যায় এ সময়।
এক পর্যায়ে পুলিশ তাদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে মহিলা দলের পাঁচ নেত্রীকে আটক করে পিকআপে তুলে নিয়ে যেতে দেখা যায়।
এই পাঁচ জন হলেন- অ্যাডভোকেট আরিফা জেসমিন, ফরিদা মনি শহিদুল্লাহ, অ্যাডভোকেট লাইলী বেগম, অ্যাডভোকেট এলিজা খাতুন ও অ্যাডভোকেট নাসরিন আখতার।
পরে দুপুর ২টার দিকে বিএনপির একদল কর্মী ফের বিক্ষোভ শুরু করলে ১০ জনকে আটক করে পুলিশ।
এদের মধ্যে মহিলাদলের নেত্রী রোকসানা মিতুসহ সংগঠনের সাতজন এবং ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সহসভাপতি মহিউদ্দীন সোহাগসহ তিন জন রয়েছেন।
বিকাল পৌনে ৫টার দিকে আটক করা হয় মহিলা দলের নেত্রী রাজিয়া আলীমসহ আরো ছয়জনকে।
দুপুরের পর থেকেই খালেদার কার্যালয়ের কাছে পুলিশের একটি রায়ট কার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদের প্রতিবেদকরা জানিয়েছেন।
বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের দিনকে ‘গণহত্যা হত্যা দিবস’ অ্যাখা দিয়ে এর বর্ষপূর্তিতে সারা দেশে সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটি পালন করবে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে।
এ নিয়ে উত্তেজনার মধ্যে গত রাত সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের কার্যালয় থেকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলে তার পথ আটকায় পুলিশ। তখন থেকেই তিনি ওই কার্যালয়ে আছেন।
