২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের বাসায় পুলিশ

গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়ার পথ আটকানোর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনেও অবস্থান নিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 09:30 AM

Updated : 22 Aug 2022, 11:24 AM

রাতে তার বাসায় তল্লাশিও হয়েছে। তবে সে সময় বাসায় ছিলেন না ফখরুল।

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ২৩ নম্বর বাড়ির দুই তলার একটি ফ্লাটে থাকেন মির্জা ফখরুল। রোববার ভোর রাত ৩টার দিকে তার বাসার সামনে অবস্থান নেয় পুলিশ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ সদস্যরা তার বাসায় ঢুকে আধা ঘণ্টা ব্যাপী তল্লাশি চালায় বলে বাসার কেয়ারটেকার কাজল জানিয়েছেন।

এরপর থেকে গোয়েন্দা পুলিশের একটি গাড়ি বাসার কাছে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি।

তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ পরিবারের সবাই শুক্রবার থেকেই বাসার বাইরে বলে জানান কাজল।

মির্জা ফখরুল কোথায় আছেন সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

এদিকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে যেতে চাইলে তার পথ আটকায় পুলিশ।

কার্যালয়ের মূল ফটকের সামনে আড়াআড়ি করে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়, যা সরানো হয়েছে সকাল ৬টার দিকে। রাত থেকে গুলশানের কার্যালয়েই অবস্থান করছেন খালেদা জিয়া।