২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে কোথাও সমাবেশ করতে দেব না: ছাত্রলীগ

তারেক রহমান ক্ষমা না চাইলে বাংলাদেশের কোথাও বিএনপিকে জনসভা করতে না দেওয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 04:54 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

পুরনো খবর:

তারেক ক্ষমা না চাইলে খালেদার সভা হবে না: ছাত্রলীগ
তারেকের কথা তথ্যভিত্তিক: খালেদা
বিএনপির ‘বড় নেতাদের’ পেটানোর হুমকি নাজমুলের
ছাত্রলীগ বেয়াদব সংগঠন: ছাত্রদল

৫ জানুয়ারিতে সমাবেশে নিয়ে পাল্টাপাল্টি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে শনিবার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই হুমকি দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

“বঙ্গবন্ধুকে কটূক্তি করার কারণে তারেক রহমান ক্ষমা না চাইলে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাতেও সমাবেশ করতে পারবে না বিএনপি,” বলেন তিনি।

এই সময় তার পাশের ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক গত ১৫ ডিসেম্বর লন্ডনে এক সভায় বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলার পর ক্ষুব্ধ ছাত্রলীগ তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়।

তাতে সাড়া না মেলায় সম্প্রতি গাজীপুরে খালেদা জিয়ার জনসভাস্থলে পাল্টা সমাবেশ ডাকে ছাত্রলীগ,  যে কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আটকে যায় বিএনপি চেয়ারপারসনের কর্মসূচি।

৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সেদিন ঢাকায় সমাবেশের কর্মসূচি দিয়েছে। সেদিন আওয়ামী লীগও রাজপথে থাকার ঘোষণা দেওয়ায় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করে সংগঠনটির সাবেক সভাপতি ওবায়দুল কাদের বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, “আন্দোলনের নামে নাশকতা হলে জনগণের জানমাল রক্ষার্থে সরকার কঠিন জবাব দেবে।”

ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এই সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।

সমাবেশের পর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। শাহবাগ-কাকরাইল ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় সেই শোভাযাত্রা।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি গঠিত ছাত্রলীগ বাংলাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন।