২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ‘মাইনরিটি’ গণতন্ত্র চলছে: বি চৌধুরী

সহযোগী কয়েকটি দল নির্বাচন করে আওয়ামী লীগ দেশে ‘মাইনরিটি’ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 07:40 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

ইংরেজি নববর্ষ উপলক্ষে শুক্রবার কুড়িলে দলের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় ‘বিরোধী দলকে’ দমন-পীড়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বি চৌধুরী বলেন, ২০১৪ সাল জনগণের বেদনা ও দুঃখ কালের সাক্ষী হয়ে থাকবে। কিন্তু ২০১৫ সাল হবে মুক্তির বছর।

“এ বছরে মানুষের মুক্তির সংগ্রাম হবে, যা দেশকে স্থিতিশীল করবে। নির্বাচন প্রতিনিধিত্বশীল হবে, সব দল তাতে অংশ নেবে- এটা আদায় করেই ছাড়ব।”

বিএনপির সাবেক এই নেতা বলেন, “দুঃখের বিষয় একটিমাত্র দল তাদের সহযোগীদের  নিয়ে নির্বাচন করল। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিহত ও উচ্ছেদ করার ষড়যন্ত্র হয়েছে।

“১৫৪টি আসনের জনগণ ভোট দিতে পারল না। এটা কি ধরনের নির্বাচন? কি ধরনের গণতন্ত্র? এর মধ্য দিয়ে দেশে মাইনরিটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেল।”

অধিকাংশ মানুষের অংশগ্রহণ ছাড়া আওয়ামী লীগ ক্ষমতা দখল করে ‘বিরোধী দলকে’ দমন-পীড়ন করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি সরকারের আমলের সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রতিনিধিরা সংসদ ও সংসদের বাইরে বলে বেড়াচ্ছেন বহুকাল তারা ক্ষমতায় থাকবেন।

“এটা ডেঞ্জারাজ শব্দ। কারণ ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণ ভোট দেয় দায়িত্ব নেওয়ার জন্য। অত্যাচার, জুলুম আর গণতন্ত্রকে হত্যার জন্যও নয়।”

আওয়ামী লীগকে ‘জালিম সরকার’ অ্যাখ্যা দিয়ে বি চৌধুরী বলেন, মানুষের গণতন্ত্রকে হত্যা করে শহীদদের আত্মত্যাগকেও তারা অস্বীকার করে।

“এটা অশনি সংকেত, এটা বাংলাদেশের জন্য শুভকর নয়। এজন্য মুক্তিযুদ্ধে মানুষ আত্মাহুতি দেয়নি।”

ব্যবসা-বাণিজ্যের সঙ্গে রপ্তানিও ধ্বংস হয়ে গেছে দাবি করে বি চৌধুরী বলেন, সেখান থেকে দেশকে ফিরিয়ে আনা সহজ কাজ হবে না।

র‌্যাবের হত্যাকাণ্ড ও পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

খিলগাঁওয়ে পাইপের ভেতর থেকে শিশু জিহাদের মরদেহ উদ্ধারকারী তিন যুবককে আগামী সপ্তাহে বিকল্পধারার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান বলেন, ২০১৪ সাল ছিল সমস্যা আর জনগণের জন্য নৈরাশ্যের বছর। জনগণের জন্য ২০১৪ সাল কলঙ্কময় বছর ছিল।

ক্ষমতা দখল করে সরকার অবৈধভাবে জনগণের উপর শাসন-শোষণ চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নতুন বছরে দলের প্রত্যাশা পূরণ করা হবে।