২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী জাফর-মঞ্জুকে ডাকলেন রওশন

কাজী জাফর আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জুর মতো দল ছেড়ে যাওয়া নেতাদের জাতীয় পার্টিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 07:36 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

খালেদা ইতিহাসের দণ্ড ভোগ করছেন: এরশাদ

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তব্যে জাতীয় পার্টির জনসভায় রওশনের এই আহ্বানের সময় দলের চেয়ারম্যান এইচ এম এরশাদও উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন বলেন, “নির্বাচন এলে প্রতিটি দল নিজেদের গোছায়, সংগঠিত করে। কিন্তু দেশে যতবার নির্বাচন হয়েছে ততবারই আমাদের দল বিভক্ত হয়েছে। এ পর্যন্ত চারটি নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনেই আমরা আমাদের অনেক নেতা কর্মীদের হারিয়েছি।”

এসময় কাজী জাফর আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জুসহ কয়েকজনের নাম ধরে তিনি বলেন, “অনেকেই আমাদের ওপর অভিমানবশত দূরে সরে গেছেন। আমি আশা করব, তারা বিভেদ ভুলে আবার জাতীয় পার্টিতে ফিরে আসবেন।”

বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মতদ্বন্দ্বের এক পর্যায়ে এরশাদ বহিষ্কার করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরকে।

চীনকে অনুসরণকারী বামপন্থি রাজনীতিক কাজী জাফর বিএনপি হয়ে যোগ দিয়েছিলেন জাতীয় পার্টিতে, এরশাদের সময় প্রধানমন্ত্রীও হয়েছিলেন তিনি।

এরশাদ দশম সংসদ নির্বাচনে অংশ নিলে আলাদা জাতীয় পার্টি গঠন করে বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছেন কাজী জাফর। জাতীয় পার্টির এক সময়ের মহাসচিব নাজিউর রহমান মঞ্জুরের গড়া দল বিজেপিও ওই জোটে রয়েছে।

এরশাদ আমলের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারে জাতীয় পার্টি থেকে মন্ত্রিত্ব নিয়েছিলেন। পরের নির্বাচনে আলাদা জাতীয় পার্টি (জেপি) গড়ে অংশ নেন তিনি।

আওয়ামী লীগের মিত্র মঞ্জু শেখ হাসিনার বর্তমান সরকারেও যোগ দিয়েছেন। তাকে করা হয়েছে পরিবেশ ও বনমন্ত্রী।

জাতীয় পার্টির বহু নেতাই বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপিতে রয়েছেন। তবে এদের অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক দল থেকে গিয়ে জাতীয় পার্টিতে ভিড়েছিলেন।