২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ইতিহাসের দণ্ড ভোগ করছেন: এরশাদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থাকে ইতিহাসের ‘দণ্ড ভোগ’ বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 07:08 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

কাজী জাফর-মঞ্জুকে ডাকলেন রওশন

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় খালেদা জিয়ার সমালোচনার পাশাপাশি সরকারের নানা পদক্ষেপে অসন্তোষ জানিয়ে আন্দোলনের হুমকিও দেন তিনি।

নিজেকে বাংলাদেশের সবচেয়ে ‘বর্ষীয়ান রাজনীতিক’ হিসেবে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব দলকে এক সঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানান এরশাদ।

বিএনপিবিহীন দশম সংসদের প্রধান বিরোধী দল জাপা’র চেয়ারম্যান খালেদাকে উদ্দেশ্য করে বলেন, “ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাসের বিচার বড় নির্মম।

“আমাকে জেলে পাঠিয়েছিলেন, আমার স্ত্রী-পুত্রকে বন্দি করেছিলেন। আমি তো তবু জেলে থেকে সপ্তাহে একদিন স্ত্রী-পুত্রের সঙ্গে দেখা করতে পারতাম। আপনি কবে আপনার দুই ছেলের দেখা পাবেন, তা আল্লাহই জানেন।”

খালেদার দুই ছেলের একজন তারেক রহমান যুক্তরাজ্যে রয়েছেন শেখ হাসিনা হত্যাচেষ্টাসহ ডজন খানেক মামলা মাথায় নিয়ে।অন্য ছেলে আরাফাত রহমান অর্থ পাচারের মামলায় কারাদণ্ড নিয়ে বিদেশে পালিয়ে আছেন।

খালেদার দৃষ্টিতে তার স্বামী জিয়াউর রহমান ‘হত্যাকাণ্ডে’ জড়িত এরশাদ বলেন, “প্রতিহিংসার রাজনীতি আপনি শুরু করেছেন, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ আপনি শুরু করেছেন, স্পেশাল কোর্ট গঠন করেছেন। সমাবেশে ১৪৪ ধারার রীতি আপনি শুরু করেছিলেন। আমার ১৪২টি জনসভায় ১৪৪ ধারা জারি করেছিলেন।

“ইতিহাসের পরিক্রমায় সেই স্পেশাল কোর্টেই এখন আপনার বিচার হচ্ছে। আপনার জনসভায় ১৪৪ ধারা জারি হয়। প্রতিহিংসার রাজনীতির যে ইতিহাস আপনি সৃষ্টি করেছিলেন, এখন তারই ফল আপনাকে ভোগ করতে হচ্ছে।”

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই সামরিক শাসক তার শাসনের বিরুদ্ধে আন্দোলনে ১৯৮৭ সালে যুবলীগকর্মী নূর হোসেনের মৃত্যুর জন্য নিজের দায়ও অস্বীকার করেন।

“নূর হোসেনের মৃত্যুতে আমাকে দায়ী করা হয়। নূর হোসেনকে কে খুন করেছিল? পুলিশ গুলি করলে তো সামনে থেকে করত, তাকে (নূর হোসেন) গুলি করা হয়েছিলো পেছন থেকে।”

“নূর হোসেনকে প্ল্যান করে হত্যা করা হয়েছিল। কারণ তখন যারা আন্দোলন করছিল, তাদের একটা লাশের প্রয়োজন ছিল। নূর হোসেন লাশের রাজনীতির শিকার।”

শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্বে প্রায় এক দশকের আন্দোলনে ১৯৯০ সালে এরশাদের পতন ঘটে। পরে তার দলকে নিজেদের জোটে নিয়েছিল আওয়ামী লীগ।

এবার আলাদাভাবে নির্বাচন করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত মনোনীত হওয়া এরশাদ বর্তমান সরকারকে গ্যাস-বিদ্যুতের দাম না বাড়াতে হুঁশিয়ার করে দেন।

“সরকারকে আহ্বান জানাই, এই কাজ করবেন না। বিদেশে যে ১৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে, তা উদ্ধার করার ব্যবস্থা করুন। যদি ওই টাকা দেশে ফিরিয়ে নিয়ে আনা যায় তাহলে এই দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না।”

বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হলে সংসদ থেকে ওয়াকআউট করে রাজপথে আন্দোলনের হুমকি দেন এরশাদ।

বর্তমানে রাজনৈতিক অঙ্গনে সহমর্মিতা-শ্রদ্ধাবোধের অভাবে হতাশ জাপা চেয়ারম্যান বলেন, “আমরা কি একসাথে বসতে পারি না?

“আমি দেশের সবচেয়ে বর্ষীয়ান রাজনীতিক হিসেবে সব দলের প্রতি আহ্বান জানাই- আসুন আমরা একসাথে বসি, সমাবেশ করি, আলোচনা করি- কিভাবে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন করা যায়, একটি সুন্দর ভবিষ্যত গঠন করা যায়।”

সমাবেশে বক্তব্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দল ছেড়ে যাওয়া নেতাদের ফিরে আসার আহ্বান জানান।

“নির্বাচন এলে প্রতিটি দল নিজেদের গোছায়, সংগঠিত করে। কিন্তু দেশে যতবার নির্বাচন হয়েছে, ততবারই আমাদের দল বিভক্ত হয়েছে। এ পর্যন্ত চারটি নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনেই আমরা আমাদের অনেক নেতা কর্মীদের হারিয়েছি।”

আনোয়ার হোসেন মঞ্জু, কাজী জাফর আহমেদসহ দল ছেড়ে যাওয়া নেতাদের নাম উল্লেখ করে রওশন বলেন, “অনেকেই আমাদের ওপর অভিমানবশত দূরে সরে গেছেন। আমি আশা করব, তারা বিভেদ ভুলে আবার জাতীয় পার্টিতে ফিরে আসবেন।”

নতুন বছরের প্রথম দিন ঢাকায় জাতীয় পার্টির এই সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য সালমা ইসলাম, এম এ হান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী বক্তব্য রাখেন।