২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের মামলায় চট্টগ্রাম ছাত্রদলের সভাপতি-সম্পাদক আসামি

চট্টগ্রামে ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সোমবার গাড়ি ভাংচুর ও সংবাদকর্মীকে আহত করার ঘটনায় নগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 06:33 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

মঙ্গলবার নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন ওই থানার এসআই জাফর ইকবাল।

নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুসহ ছাত্রদলের ১৯ জনের নাম আসামির তালিকায় উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনানা আরও ২০-২৫ জনকেও আসামি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার শাহ মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল চলাকালে নাসিমন ভবন এলাকায় গাড়ি ভাংচুর করায় এবং পিকেটারদের ছোড়া ইটের আঘাতে এক সংবাদকর্মী আহত হওয়ায় মামলাটি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. কাসেম, মো. কায়েস, রবিউল ইসলাম ও রানা।

সোমবার হরতাল চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে পিকেটাররা একটি অটোরিকশা ভাংচুর করে। ওই সময় পিকেটারদের ছোড়া ঢিলে মাথায় আঘাত পান এটিএন নিউজের চিত্রগ্রাহক নাজিম শাহরিয়ার।