২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশান্তি করতে চাইলে তছনছ হবে বিএনপি: তোফায়েল

সহিংস আন্দোলনের ফল ভালো হবে না বলে বিএনপিকে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2014, 12:44 AM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেছেন, “বিএনপি যদি নির্বাচনের আগের পরিস্থিতি দেশে আবারও সৃষ্টি করতে চায়, তাহলে আওয়ামী লীগের সবকিছু তাসের ঘরের মতো ভাঙবে না, তবে বিএনপি তাসের ঘরের মত তছনছ হয়ে যাবে।”

গত বছরের সহিংস আন্দোলনেও ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে ব্যর্থ বিএনপি আগামী জানুয়ারিতে মধ্যবর্তী নির্বাচনের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে।

বক্তব্যে তোফায়েল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং লন্ডনে থেকে তার ছেলে তারেক রহমানের বিভিন্ন বিতর্কিত বক্তব্যের সমালোচনাও করেন।

“কোথাকার কোন মেজর? যিনি নাকি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তা আবার ২৭ মার্চ ঘোষণা দিয়েছে, অথচ আমরা স্বাধীনতা দিবস পালন করি ২৬ মার্চে। বঙ্গবন্ধু ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।”

আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধ করেনি দাবি করে বিএনপির বক্তব্যের জবাবে তোফায়েল বলেন, “আমরা নাকি গঙ্গার তীরে বসে যুদ্ধ করছি! এটি খালেদা বলে বেড়ায়।কিন্তু খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্টে অফিসার্স মেসে থেকে যুদ্ধ করছেন।বাহ! কী চমৎকার। হাওয়ার উপর দেশটা স্বাধীন হয়েছে?”

টিএসসি মিলনায়তনে আব্দুর রাজ্জাক সংসদের এই আলোচনা সভায় তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু জঙ্গিবাদের ‘সমর্থনদাতা’ খালেদা জিয়াকে ‘লোটাকম্বল’ হাতে ধরিয়ে দেশ থেকে বিতাড়িত করার হুমকি দেন।

আওয়ামী লীগ নেতা রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় তার ছেলে ও সাংসদ নাহিম রাজ্জাকও বক্তব্য রাখেন।

রাজ্জাক সংসদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব প্রমুখ।