বিএনপির ‘গণ-অভ্যুত্থান’ নিয়ে প্রশ্ন কাদেরের
গণ-অভ্যুত্থানকে সমুদ্র গর্জনের সঙ্গে তুলনা করে বিএনপি’র সেটি সংগঠিত করার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে ধামরাইয়ের ইসলামপুরে সড়ক ও জনপথ বিভাগের সম্প্রসারিত পরিদর্শন ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি বলেন, “গণ আন্দোলন হচ্ছে নদীর ঢেউ। আর গণ অভ্যুথান হচ্ছে সমুদ্রের গর্জন।
ফাইল ছবি
সড়কমন্ত্রী বলেন, “আন্দোলনের নামে নৈরাজ্য ও সহিংসতা হলে সরকার বসে থাকবে না। জনগণের জানমালের রক্ষার্থে সরকার কঠোর অবস্থানে থাকবে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, “রাজনীতিতে মামলা-হামলা-জেল-জুলুমের মধ্যে দিয়েই আন্দোলন করতে হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকলেও, নেতারা ঘরে বসে আরাম আয়েশ করেন।
“যার কারণে বার বার আন্দোলনের হাক ডাক দিয়েও কখনোই সাড়া পায়নি বিএনপি। ভবিষ্যতেও পাবে না।”
৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ভবনটির উদ্বোধনের সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাহাবুদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
