জনগণ চাইলে সরকার বিদায় নেবে: ইনু
জনগণের আন্দোলনে সরকার বিদায় নেবে, কিন্তু খালেদা জিয়ার ধমকে নিয়মতান্ত্রিক সরকার পদত্যাগ করবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার কুষ্টিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, সরকার মনে করে জঙ্গিবাদ কিছুটা দমন হলেও এখনও তারা নিশ্চিহ্ন হয়নি। ফলে মানুষের জান-মাল ও ধর্মের নিরাপত্তা বিধানের জন্য জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কঠোরভাবে পরিচালিত হবে।
“জনগণ যদি আন্দোলন করে, তবে সরকার সেদিন খোদা হাফেজ বলিয়া চলিয়া যাইবে, কিন্তু বেগম খালেদা জিয়ার ধমকে সরকার, নিয়মতান্ত্রিক সরকার পদত্যাগ করবে না।
“জনগণের রায়কে আমরা শ্রদ্ধা করি। সুতরাং জনগণের ইচ্ছা যদ্দিন থাকবে, তদ্দিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। জনগণের ইচ্ছা যদি না থাকে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই জাসদ নেতা বলেন, খালেদা জিয়ার প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। সরকার ও প্রশাসন যদি স্বৈরাচার হতো, যদি আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করত, তবে বেগম খালেদা জিয়ার তো দশবার ফাঁসি হয়ে যেত।
বিএনপি নেতাকর্মীদের প্রতি অত্যাচারের কথাও অস্বীকার করেন তিনি।
“গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী সব রকমের অধিকার ওনারা ভোগ করছেন। শুধু যখন খালেদা জিয়া আন্দোলনের হুংকার দিয়ে বোমা হাতে মানুষ লেলিয়ে দেয় সেই মিছিলটা আমরা সর্তকতার সঙ্গে খেয়াল করি,” বলেন ইনু।
বেলা ১১টায় ভেড়ামারা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে কলেজের শিক্ষক নিয়োগের পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
এসময় ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ওই কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
