মিনু-মাহবুবের সামনেই হট্টগোলে পণ্ড দিনাজপুর বিএনপির কর্মীসভা
মঞ্চ দখলে নিতে স্থানীয় তিন নেতার অনুসারীদের মধ্যে হট্টগোল ও ভাংচুরে পণ্ড হয়েছে দিনাজপুর জেলা বিএনপির কর্মীসভা।
শুক্রবার স্থানীয় লোক ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর উপস্থিতিতেই এই ঘটনা ঘটে।
পরে কর্মীদের থামাতে ব্যর্থ হয়ে তারা সভাস্থল ছেড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী ও প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের অনুসারীরা সকাল থেকে আলাদা আলাদাভাবে সভায় যোগ দেন।
মাহবুবুর রহমান ও মিজানুর রহমান মিনু বেলা ১২টার দিকে সভামঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে তিন নেতার অনুসারীদের মধ্যে মঞ্চে ওঠার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এ সময় তারা নিজ নিজ নেতার নামে নানা ধরনের স্লোগানও দিতে থাকে।
এরই এক পর্যায়ে শুরু হয় ধাক্কাধাক্কি এবং চেয়ার ভাংচুর। ছিড়ে ফেলা হয় মঞ্চের ব্যানার। এ সময় অনেকের হাতে ধারালো অস্ত্র ও লাঠিও দেখা যায়।
কেন্দ্রীয় দুই নেতা এ সময় কর্মীদের থামানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে সোয়া ১২টার দিকে সভাস্থল ত্যাগ করেন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেন্দ্রীয় নেতারা এখানকার পরিস্থিতি জানার পরও কেন এই সভার অনুমতি দিলেন, কেন তারা আসলেন তা আমাদের বোধগম্য নয়।”
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কর্মীদের এ ধরনের কর্মকাণ্ডে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়াও ক্ষোভ প্রকাশ করেন।
পরে মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “একদল দুর্বৃত্ত, যারা বিএনপির আদর্শচ্যুত, তারাই বিজয়ের মাসে একটি সুন্দর সভা নষ্ট করে দিয়েছে।”
