বগুড়ায় ৫ বিএনপি নেতা কারাগারে
আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় বগুড়ায় বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান জামিন পেলেও বাকিদের আবেদন মঞ্জুর হয়নি।
কারাগারে গেছেন বিএনপির জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, শ্রমিক দল নেতা ও জেলা স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু জাকির হোসেন মিঠু।
গত ৩ সেপ্টেম্বর বিএনপির মিছিলের পর বগুড়া শহরের সাতমাথা এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে শহর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনিসহ ১০ নেতাকর্মি আহত হন।
এ ঘটনায় সুলতান মাহমুদ খান রনি বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই মামলায় জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ নেতা হাই কোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেন। ওই জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার তারা এ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ জানান, তাদের উচ্চ আদালত থেকে জামিন নেওয়া ছিল। বৃহস্পতিবার আদালতে স্থায়ী জামিনের জন্য দাঁড়ালে আদালত ৫ জনের জামিন আবেদন নাকচ করে।
