২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের বিচারের চিন্তাভাবনা চলছে: হানিফ 

জাতীয় সংসদের আগামী অধিবেশনেই মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনার চিন্তাভাবনা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 05:38 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বৃহস্পতিবার কুষ্টিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “আমার বিশ্বাস, আইন সংশোধনের মাধ্যমে যুদ্ধাপরাধী দল হিসেবে এই জামায়াতে ইসলামীকে শাস্তি দিলে এ দেশ রাজাকার মুক্ত হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। ৩০ লাখ শহীদের আত্মার অভিশাপ থেকে আমারা মুক্তি পাব।”

সংসদ সদস্য হানিফ বলেন, পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান ও পরে তার স্ত্রী খালেদা জিয়া বিভিন্নভাবে যুদ্ধাপরাধী দলকে প্রতিষ্ঠিত ও পুনর্বাসিত করেছেন।

জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের জেল থেকে বের করে দিয়েছিলেন। তাদের বিচার বন্ধ করে দিয়ে গোলাম আজমকে নাগরিকত্ব ও শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। কুখ্যাত রাজাকার আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছিলেন।

“পরবর্তীতে বিএনপি এ রাজাকারদেরকে পতাকা দিয়েছিল। রাজাকার মতিউর রহমান নিজামী, মুজাহিদদের মন্ত্রী বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে, ৩০ লাখ শহীদদের আত্মাকে অপমানিত করেছেন।”

“শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। ইতিমধ্যেই শীর্ষ পর্যায়ের যুদ্ধাপরাধীদের বিচারের রায় হয়েছে, কারও কারও রায় কার্যকর করা হয়েছে।

“সংসদের আগামী অধিবেশনেই যুদ্ধাপরাধীর দায়ে এই যুদ্ধাপরাধী দলকে বিচারের আওতায় আনার চিন্তা ভাবনা চলছে।”

কুষ্টিয়া মুক্ত দিবস (১১ ডিসেম্বর) উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট অফিস চত্বরে জেলার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করা হয়।

এরপর তিনি কুষ্টিয়া মুক্ত দিবসের শোভাযাত্রায় অংশ নেন।

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম উদ্দিন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষার্থী ও সুশিল সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

একাত্তরে গণহত্যাসহ সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামী ও তাদের তখনকার সহযোগী সংগঠন ও নেতাকর্মীদের দায়ী করে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধের সুপারিশ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

পুরনো খবর:

জামায়াতের ‘যুদ্ধাপরাধের’ তদন্ত শুরু
৭ যুদ্ধাপরাধে জামায়াত নিষিদ্ধের সুপারিশ