গুমের বিচার হবে ট্রাইব্যুনালে: ফখরুল
বিএনপি ক্ষমতায় গেলে ট্রাইব্যুনাল গঠন করে গুমে জড়িতদের বিচার করার ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার ছাত্রদলের এ্ক আলোচনা সভায় এই ঘোষণা দেন তিনি, যার উপলক্ষ ছিল ছাত্রদলের ঢাকার দুই নেতা ‘গুম’ হওয়ার এক বছর পার হওয়া।
ফখরুল বলেন, “ফ্যাসিস্ট সরকার দেশের গণতান্ত্রিক আন্দোলনকে রুখতে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করেছে। এভাবে গুম করা জাতিসংঘের সনদে মানবতার বিরুদ্ধে একটি বড় অপরাধ।
“আজ যেমন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনাল করে বিচার হচ্ছে, গণতন্ত্রের বিজয়ের পর যারা গুমের অপরাধের সঙ্গে জড়িত তাদেরও একইভাবে বিচার করা হবে।”
নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে এই আলোচনা সভায় ছাত্রদলের নিখোঁজ নেতা মাহবুব হাসান সুজনের স্ত্রী তানজিলা আক্তার তার শিশুপুত্রকে নিয়ে এবং নিখোঁজ কাজী ফরহাদ হোসেনের বোন কাজী খুরশিদাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সুজন সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি ছিলেন। ফরহাদ ছিলেন ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ৭ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছিল। এরপর আর খবর মেলেনি দুজনের।
ফখরুল বলেন, “গত বছরের নভেম্বর-ডিসেম্বরে জনগণ যখন সরকারের একদলীয় নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করছিল, তখন দুই মাসে পুলিশ ও র্যাবকে দিয়ে বিরোধী দলের ৩১০ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়।
“রাজধানী ঢাকায় সুজন-ফরহাদের মতো ২৮ জনকে গুম করা হয়। সারাদেশে গুম হয়েছিল ৬৫ জন। এভাবে জররদস্তি করে টগবগে তরুণদের ঘর থেকে তুলে নিয়ে গুম করা হয়েছিল।”
সরকারের বিরুদ্ধে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
“আওয়ামী লীগ জবরদখল করে ক্ষমতায় বসেছে। এদের হটাতে হলে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। এদের (সরকার) টেনে হিঁচড়ে নামিয়ে জনগণেরর সরকার প্রতিষ্ঠা করতে হবে। ছাত্রদলকে বলব, আর কোনো বিভেদ নয়, সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে জোরদার করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”
সবুজবাগ থানা ছাত্রদল আয়োজিত এই আলোচনা সভায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সাবেক ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বর্তমান সভাপতি রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সবুজবাগ থানা সাধারণ সম্পাদক ওমর ফারুক বক্তব্য রাখেন।
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর কোন্দলের মধ্যে এই সভা শুরুর আগে বিকালে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে চারটি হাতবোমা বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
