আওয়ামী লীগ এরশাদের চেয়েও বড় স্বৈরাচার : আমীর খসরু
স্বৈরাচারকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগ এখন গণতন্ত্র ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার বিকালে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকার এরশাদের চেয়েও বড় স্বৈরাচার। স্বৈরাচারকে সাথে নিয়েই আওয়ামী লীগ এখন গণতন্ত্র ধ্বংস করছে।
“বর্তমান সরকার আরো বড় স্বৈরাচারের রূপ নিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধমে দেশ ও জনগণকে অবরুদ্ধ করে রেখেছে।”
নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের প্রাঙ্গণের এই সমাবেশে নগর বিএনপি সভাপতি আমীর খসরু বলেন, “যে স্বৈরাচারের পতনের জন্য একদিন দেশের মানুষ এক হয়ে গণআন্দোলন করেছিল সেই স্বৈরাচার এখন সরকার ও বিরোধী দল, দুই এরই অংশ।”
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু বলেন, আওয়ামী লীগ তাদের বৈধতার চেষ্টায় দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। অর্থনৈতিকভাবে রাষ্ট্রীয় তহবিলকে ক্ষতিগ্রস্ত করছে।
“দেশের অভ্যন্তরে ও বাইরে তুষ্টির মাধ্যমে বৈধতা পাওয়ার জন্য ধর্না দিচ্ছে। কিন্তু এরা কোনোভাবেই বৈধতা পাবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়েই তাদের বৈধতা অর্জন করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, “শেখ হাসিনা ও এরশাদ একই মুদ্রার এপিঠ ওপিঠ। আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে আরেক স্বৈরাচার এরশাদকে সাথে নিয়ে।”
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী ও সাবেক সাংসদ রোজী কবির প্রমুখ।
