২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার গাড়ি বহরে হামলা: সাতক্ষীরায় বিএনপি নেতা গ্রেপ্তার

এক যুগ আগে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

গ্রেপ্তার রবিউল ইসলাম কলারোয়া উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক এবং যুগেখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

কলারোয়া থানার ওসি মাসুদ করিম জানান, বুধবার সকাল ১০টার দিকে যুগেখালি ইউনিয়নে রবিউলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলারোয়ায় এক মুক্তিযোদ্ধোর স্ত্রী ধর্ষণের শিকার হলে তাকে দেখতে ২০০২ সালের ৩০ অগাস্ট সাতক্ষীরায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

ঢাকায় ফেরার পথে বিএনপি নেতা ও সাতক্ষীরা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী তার গাড়ি বহরে হামলা চালায়। এতে কয়েকজন আহতও হন।

ওই ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোসলেমউদ্দিন কলারোয়া থানায় একটি মামলা করতে যান। কিন্তু তখন পুলিশ তা গ্রহণ করেনি বলে আদালতে অভিযোগ করেন তিনি।

তার আবেদনে আদালত তদন্তের নির্দেশ দিলে পুলিশ ‘বিষয়টি সত্য নয় বলে’ তদন্ত প্রতিবেদন দেয়। এতে অভিযোগটি খারিজ হয়ে গেলে মোসলেমউদ্দিন উচ্চ আদালতে রিভিউ আবেদন করেন।

সম্প্রতি উচ্চ আদালত মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা আদালতকে নির্দেশ দেয়। এ প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিমের আদালত কলারোয়া থানাকে মামলাটি নথিবদ্ধ করার নির্দেশ দেন।

মামলায় রবিউল ইসলাম ছাড়াও সাতক্ষীরা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, কলারোয়ার বর্তমান মেয়র আক্তারুল ইসলামসহ বিএনপির ২৭ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৭০-৭৫ জনকে আসামি করা হয়েছে।

ওই মামলাতেই রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে কলারোয়ার ওসি মাসুদ করিম বলেন, দোষী অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।