অবৈধ অস্ত্র রাখায় যুবদলকর্মীর সাজা
অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবদলকর্মীকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
রোববার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আলী হায়দার।
দণ্ডিত সাইদুল ইসলাম পলু (৩৮) নগরীর আমানতগঞ্জ কসাইবাড়ী এলাকার প্রয়াত আলতাফ হোসেনের ছেলে।
আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি)লস্কর নুরুল হক জানান, ২০১৩ সালের ১৪ জুন নগরীর পলাশপুর আলহাজ্ব দলিলউদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিছন থেকে একটি এলমজিসহ র্যাবের হাতে আটক হয় যুবদলকর্মী পলু।
ওইদিন নগরীর কাউনিয়া থানায় মামলা দায়ের করেন র্যাব-৮’র উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বক্কর সিদ্দিক।
একই বছরের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র দায়ের করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন।
