ফেনীতে যুবদলের মিছিল পণ্ড, আহত ৫
ফেনীতে যুবদলের মিছিল পুলিশ পণ্ড করে দিয়েছে। এ সময় পাঁচ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জেলা যুবদলের মিছিলে পুলিশ শটগানের গুলিবর্ষণ করে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আহতরা গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক।
জেলা বিএনপি দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানান, বিকালে শহীদুল্লাহ কায়সার সড়কে ইসলামপুর রোডে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের করা হয়।
তিনি আরো জানান, এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার, যুবদলকর্মী পিয়াস, জনি, সাদ্দামসহ যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত হন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, যুবদল মিছিল শুরুর পরপরই পুলিশকে লক্ষ্য করে একাধিক ইট-পাটকেল নিক্ষেপ করে।
“তাদের হাতে বিস্ফোরক দ্রব্য থাকায় ১০ রাউন্ড গুলি বর্ষণ করে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়,” বলেন তিনি।
এ ঘটনায় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা সমবায় সুপার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী টাউন সার্ভিস বাস ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
