ওরা অর্বাচীন: শেখ হাসিনা
৫ জানুয়ারির মধ্য দিয়ে গঠিত দশম জাতীয় সংসদ নিয়ে সমালোচনাকারীদের ‘অর্বাচীন’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার জাতীয় সংসদে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) নির্বাচিতদের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সমালোচনাকারীদের এই বলে আখ্যায়িত করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের নির্বাচন নিয়ে যারা নানা কথা বলেছেন, নির্বাচনের বৈধতা নিয়ে যারা কথা বলেছেন; আজকে সারা বিশ্ব কিন্তু এর জবাবটা দিয়ে দিয়েছে দুই নির্বাচনে ভোটের মাধ্যমে।
“এরপরও যারা কথা বলবেন বা বলছেন; আমি মনে করি আসলে তারা অর্বাচীন। গণতন্ত্র সম্পর্কে তাদের ধারণা নেই।”
৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী বিএনপি নেতৃত্বাধীন জোট দশম সংসদে ‘অবৈধ’ বলে আসছে। এই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বর্তমান সংসদকেও ‘অবৈধ’ বলছে তারা।
দশম সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গত ৯ অক্টোবর ক্যামেরুনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬০তম সম্মেলনে সরাসরি ভোটে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন নির্বাচিত হন।
এরপর ১৬ অক্টোবর সুইজারল্যান্ডে বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩১তম সাধারণ অধিবেশনে ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
রোববার জাতীয় সংসদে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক দুই ফোরামের শীর্ষ পদে নির্বাচিত হয়ে আসা এ এক বিরল ঘটনা, বিরাট অর্জন। এ ইতিহাস বাংলাদেশ সৃষ্টি করেছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সামরিক শাসন জারি, ১৯৮২ সালে সামরিক শাসন জারি এবং ২০০৮ সালে জরুরি অবস্থা জারির পর কমনওয়েলথে বাংলাদেশের সদস্যপদ স্থগিতের কথাও উঠে আসে শেখ হাসিনার বক্তব্যে।
“যে বাংলাদেশ কমনওয়েলথের তিন তিন বার সদস্য পদ হারিয়েছিল, সেই বাংলাদেশ কমনওয়েলথে নেতৃত্ব দিচ্ছে এবার।... বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।”
দুই পার্লামেন্টেরিয়ানের আন্তর্জাতিক ফোরামে বিজয়ে বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেল বলেও মনে করিয়ে দেন সংসদ নেতা শেখ হাসিনা।
“আজ বাংলাদেশের ওপর বিরাট দায়িত্ব পড়েছে, সারা বিশ্বব্যাপী যে গণতন্ত্র তা সুরক্ষিত করে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে বিশ্বের সকল সংসদ ও সংসদ সদস্যদের। এটা দেশের জন্য বিরাট অর্জনের পাশাপাশি বিরাট দায়িত্বেরও।”
গণতান্ত্রিক ধারাকে আরো সুরক্ষিত করে এগিয়ে যেতে দেশবাসীর সমর্থনও চান তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশের বাইরেও চক্রান্ত ছিল।
“নির্বাচন বানচালের চক্রান্ত হয়েছে; শুধু দেশের অভন্তরে নয়, দেশের বাইরে অনেকেই জড়িত ছিল। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ঢাল-তলোয়ার’ নিয়ে আন্দোলনের হুমকির সমালোচনাও করেন শেখ হাসিনা।
“ঢাল-তলোয়ার থেকে যা খুশি নিয়েই নামুক না কেন, বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না।”
প্রধানমন্ত্রী ছাড়াও এই আলোচনায় অংশ নেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, মইন উদ্দিন খান বাদল, আনিসুল ইসলাম মাহমুদ, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু প্রমুখ।
প্রধান হুইপ আ স ম ফিরোজ সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে ধন্যবাদ জানানোর প্রস্তাব উত্থাপন করেন।
আলোচনা শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রস্তাবটি ভোটে দিলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “যে কোনো বিজয় গৌরবের। আন্তর্জাতিক ফোরামের বিজয় আরো গৌরবের। তবে নিজেরে দেশের নিজের সংসদে আপনার আমাকে যে সম্মান দিয়েছেন তা আমার পরম পাওয়া।
“সব সফলতার মূলে মহান জাতীয় সংসদ। আমরা প্রমাণ করেছি আমাদের অসাধ্য কিছুই নেই। গণতন্ত্রের অব্যাহত যাত্রার কারণেই এ অর্জন আমরা করতে পেরেছি।”
