২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেদখল জমি ফেরত পেতে আন্দোলনে গিয়ে আসামি

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র এম মনজুর আলম ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুশপুতুল পোড়ানোর অভিযোগে চারজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 08:48 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

রোববার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে এ মামলা করেন সিটি করপোরেশনের মালিকানাধীন বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার খোরশেদুর রহমান।

বর্তমান ও সাবেক মেয়রের বিরুদ্ধে জমি দখল করে সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিযোগ তুলে মানববন্ধন করার চার দিনের মাথায় এই মামলা হল।

মামলায় আবু বকর, ইব্রাহিম খলিল, মোহাম্মদ জাহাঙ্গীর ও জহর লাল চক্রবর্তীকে আসামি করা হয়েছে, উত্তরাধিকার সূত্রে নিজেদের ওই জমির মালিক দাবি করে আসছেন যারা।

মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য এবং বর্তমান মেয়র মনজুর আলম পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি।

বর্তমান ও সাবেক মেয়রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে ‘প্রকৃত মালিকদের’ সেই জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে গত ১২ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন হয়।

এ সময় মনজুর ও মহিউদ্দিনের কুশপুতুলে অগ্নিসংযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজন।

এর আগে গত ২২ মে নগরীর ও আর নিজাম সড়কের ৭৪ গণ্ডা জমি নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মানহানির মামলায় আসামি হওয়া চারজনসহ ছয় ব্যক্তি।

বর্তমান মেয়র মনজুর ও সাবেক মেয়র মহিউদ্দিন ‘যোগসাজশে ওই জমি দখল করেছেন’ বলে অভিযোগ করেছিলেন তারা।

মানহানির মামলার বাদীপক্ষের আইনজীবী রণি কুমার দে বলেন, “মানববন্ধনে তাদের কুশপুতুল দাহ করায় মানহানির অভিযোগে দণ্ডবিধির ৫০০ ও ৩৪ ধারায় ‍মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন।”

বিরোধপূর্ণ ওই জমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগানো হয় চলতি বছরের ৩০ মার্চ। এর আগে ১৯ মার্চ সেখানে মেয়র মনজুর আলমের বিবাহ বার্ষিকী উপলক্ষে মেজবানের আয়োজন করেন মহিউদ্দিন চৌধুরী।

কয়েক মাস আগে ওই জমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের ঘোষণা দেন মহিউদ্দিন।

এরপর জমিটির চারপাশে সীমানা দেওয়াল তুলে সেখানে ক্যাম্পাস নির্মাণের কাজও শুরু হয়।

পুরনো খবর:

‘জমি দখলে যোগসাজশে’ মহিউদ্দিন-মঞ্জুর