দলীয় নেতাকর্মীরাও খালেদার সঙ্গে নেই: মায়া
সরকারবিরোধী আন্দোলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীরাও নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বিএনপি নেত্রী এখন ‘একাই আন্দোলনের কথা ভাবছেন’ বলেও মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মায়া।
রোববার দুপুরে চাঁদপুরে নবনির্মিত ডায়াবেটিক হাসপাতালে এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “একা আন্দোলন করে সরকার পতন সম্ভব নয়। খালেদা জিয়ার সাথে তার দলের কোনো লোক নেই, জনগণও নেই।”
নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিতে বিএনপি যে দাবি জানিয়ে আসছে তা নাকচ করে মায়া বলেন, “২০১৯ সালের আগে নির্বাচনের প্রশ্নই আসে না। তাই এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন ও সরকার পতনের প্রশ্নই আসে না।”
ফাইল ছবি
এরপর থেকে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি করে আসছে বিএনপি নেতৃত্বাধী জোট। দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন জেলায় জনসভা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মন্ত্রী মায়া নবনির্মিত ওই হাসপাতালের কার্যক্রম পরিদর্শন ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তার সঙ্গে চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক এম এ গফুর, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, স্থানীয় চেয়ারম্যান ও মেয়রসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
