২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে খালেদা জিয়াকে অভিনব অভ্যর্থনা

কিশোরগঞ্জে অভিনব কায়দায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 03:43 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

জোটের জনসভায় যোগ দিতে খালেদা জিয়া বুধবার বেলা ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউজে পৌঁছান। এ সময় একটি হাতির পিঠে চড়ে রাজকীয় পোশাক পরিহিত একজন কাঠের তলোয়ার তুলে বিএনপি চেয়ারপার্সনকে সালাম জানান।

আর ময়মনসিংহ গীতিকার মহুয়া, মলুয়া ও সাখিনার বেশে তিন তরুণী খালেদা জিয়ার হাতে তুলে দেন শুভেচ্ছার ফুল।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপার্সন।

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন, ‘গুম-খুন, গুপ্ত হত্যা, দুর্নীতিসহ সরকারের অপশাসনের’ প্রতিবাদে কিশোরগঞ্জে এই জনসভা করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কিশোরগঞ্জের প্রবেশ পথ ভৈরব-মেঘনা সেতু থেকে সার্কিট হাউজ পর্যন্ত ৫৭ কিলোমিটার পথের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ জেলা নেতাদের প্রতিকৃতি সম্বলিত কয়েকশ তোরণ।

জনসভায় অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গুরুদয়াল কলেজ মাঠে আসতে শুরু করেন। বেলা সাড়ে ১২টায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে জনসভার কার্যক্রম শুরু হয়।

২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া সর্বশেষ কিশোরগঞ্জ এসেছিলেন। ২০০৮ সালে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ভৈরবে এলেও সে সময় তিনি জেলা শহরে আসেননি।

গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচন বর্জনের পর ঢাকার বাইরে এটি খালেদা জিয়ার ষষ্ঠ জনসভা। সর্বশেষ গত ১ নভেম্বর নাটোরে জোটের এক জনসভায় বক্তব্য দেন তিনি।