কিশোরগঞ্জে খালেদা জিয়ার জনসভা বুধবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার কিশোরগঞ্জে ২০ দলীয় জোটের জনসভায় ভাষণ দেবেন।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে ২০ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জনসভা আয়োজক কমিটির সমন্বয়কারী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম ওসমান ফারুক।
বুধবার (১২ নভেম্বর) বিকালে খালেদা জিয়া জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় ঐক্যজোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে তিনি জানান।
তিনি সফলভাবে জনসভা আয়োজনে প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের বিবরণ দেন।
এছাড়া সুষ্ঠুভাবে জনসভা আয়োজনে তিনি জেলা প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শরীফুল আলম ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রমজান আলী।
উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ জেলা (উত্তর) আহবায়ক খুররম খান চৌধুরী, জেলা জাগপা সভাপতি মেসবাহ উদ্দিন মির্জা, ইসলামী ঐক্য জোটের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ উদ্দিন, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা ছাঈদ আহমদ ও জমিয়তে উলামায়ে ইসলামের আহবায়ক মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী।
এছঅড়া জেলায় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
