২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘আপক্তিকর’ বক্তব্য দেওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শেরপুরে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 06:15 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার শেরপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন।

মামলা আমলে নিয়ে আদালতের বিচারক মো. শরীফুল ইসলাম শেরপুর সদর থানার ওসিকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

বাদীর পক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, গত ৫ নভেম্বর যুক্তরাজ্য লন্ডন শাখা বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলে তিরস্কার করেন এবং বঙ্গবন্ধুকে ‘স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী’ বলেন।

মামলার এজাহার উদ্ধৃত করে তিনি বলেন, “তারেক বলেন, শেখ মুজিব একজন পাকিস্তানি নাগরিক হিসেবে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। একজন পাকিস্তানি নাগরিক কেমন করে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সেই প্রশ্নের আইনগত নিষ্পত্তির জন্য শেখ মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হওয়া জরুরি।”

বিবাদীর এ বক্তব্য দেশ দ্রোহিতার সামিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে আরো বলা হয়, তারেকের এই বক্তব্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের মনে চরম আঘাত হানায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক হিসেবে ক্ষুদ্ধ হয়ে এ নালিশ করতে বাধ্য হয়েছেন বাদী।

তিনি বলেন, তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করে তার বিরুদ্ধে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি লন্ডনে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সেইসঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচারণ করে পাকিস্তানের পক্ষে কথা বলেছেন।

“তাই আমি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা দায়ের করেছি।”