২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের মুক্তি চেয়ে বিক্ষোভের ডাক জামায়াতের

যুদ্ধাপরাধে নেতাদের দণ্ডের বিরুদ্ধে সপ্তাহজুড়ে হরতালের পর বিক্ষোভের কর্মসূচি দিয়ে জামায়াতে ইসলামী বলেছে, তারা আশা করছে যে মো. কামারুজ্জামানকে সরকার মুক্তি দেবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 04:03 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী ও মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ডে টানা হরতালের পর শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

রোববার এই বিক্ষোভের কর্মসূচি ডেকে তা শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশজুড়ে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।

“কামারুজ্জামানসহ দলের শীর্ষ নেতাদের হত্যার সরকারি ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে আমি রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।”

গত ৩০ অক্টোবর দলীয় আমির নিজামীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলে জামায়াত তিন দিন হরতালের ডাক দেয়। এরপর কেন্দ্রীয় নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড হলে আরেকদিন হরতাল ডাকে তারা।

এর মধ্যে আপিলের চূড়ান্ত রায়ে সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল থাকলে আরও একদিন হরতাল ডাকা হলে পুরো সপ্তাহই হরতালের মধ্যে পড়ে।

দূর পাল্লার বাস চলাচল বন্ধ এবং পরীক্ষা পেছানো ছাড়া এই হরতালের প্রভাব জনজীবনে খুব একটা দেখা যায়নি। এই প্রেক্ষাপটেই নতুন কর্মসূচি হিসেবে বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী দলটির নেতা শফিকুর বিবৃতিতে বলেছেন, “সরকার জনগণের মতামত ও বিশ্ব সম্প্রদায়ের অভিমত অগ্রাহ্য করে কামারুজ্জামানকে হত্যার যে পরিকল্পনা নিয়েছে আমরা এই মুহূর্তে তা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

“আমরা আশা করি সরকার চক্রান্ত, ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি পরিহার করে এই মুহূর্তে জনাব কামারুজ্জামানকে মুক্তি দিবেন।”

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের শীর্ষনেতাদের সবাই যুদ্ধাপরাধে দণ্ডিত হয়েছেন। একাত্তরে দলটির আমির গোলাম আযম কারাভোগের মধ্যে মারা গেছেন। কারাভোগ করছেন নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। 

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আপিলের রায়ের পর তার সাজা মৃত্যুদণ্ড গত বছরের ডিসেম্বরে কার্যকর হয়েছে। তারপরের ব্যক্তি হিসেবে গত সপ্তাহে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় আসে কামারুজ্জামানের।  

কামারুজ্জামানের সাজা কার্যকরের প্রস্তুতি নেওয়ার কথা ইতোমধ্যে মন্ত্রীরা জানিয়েছেন, যা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।  

“সরকার একে একে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার যে পরিকল্পনা নিয়েছে, সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে। আইন, আদালত ও সংবিধানের তোয়াক্কা না করে ফাঁসি কার্যকরের নামে কামারুজ্জামানকে হত্যা করার জন্য সরকার বেসামাল হয়ে পড়েছে।”

কামারুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেছে জামায়াত, যদিও একাত্তরে ময়মনসিংহ অঞ্চলের এই আল বদর নেতার নিরীহ মানুষ হত্যায় নেতৃত্ব দেওয়ার প্রমাণ বিচারে মিলেছে।  

পুরনো খবর:

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরে প্রস্তুতির নির্দেশ আইনমন্ত্রীর