রাজনীতির ভাষায় কথা বলে পুলিশ: ফখরুল
সমাবেশের অনুমতি না পাওয়ার পর পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুলিশ কর্তারা এখন রাজনৈতিক নেতাদের ভাষায় কথা বলছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভের ডাক দেওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, “দেশের গণতন্ত্র আজ পুলিশের বুটের নিচে। তারা রাজনৈতিক নেতাদের ভাষায় কথা বলে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সাহেব বলেছেন, পুলিশের চেইন অব কমান্ড ভেঙে গেছে। এ থেকে বোঝা যায়, ক্ষমতা কাদের হাতে।
“সরকার পুলিশ ও র্যাবের ওপর ভর করে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালাচ্ছে। দেশটাকে তারা পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।”
এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন ফখরুল।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’র গুরত্ব তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, “৭ নভেম্বর গণতন্ত্রের নতুন করে জন্ম হয়েছিল। এই দিনটি হচ্ছে অন্ধকার থেকে আলোতে ফেরার দিন। যারা এ দিনটি পালন করে না বা পালন করতে দেয়া না, তারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করে না।
“৭ নভেম্বর অস্বীকার করা, বাংলাদেশকে অস্বীকার করার শামিল।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়; জিয়া হন গৃহবন্দি।
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।
বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসাবে পালন করে।
দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচির সঙ্গে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা ছিল ওই সমাবেশে।
সমাবেশের অনুমতি চেয়ে গত ২৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠায় বিএনপি। তবে শুক্রবার রাতেও পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় শনিবার সংবাদ সম্মেলন করে পরদিন সারাদেশে বিক্ষোভের ডাক দেন ফখরুল।
“আওয়ামী লীগ আমলে ৩০ হাজার রাজনৈতিক কর্মী হত্যা হয়েছিল, ইনু তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে রক্তের সঙ্গে বেঈমানী করেছে।”
সমাবেশের অনুমতি না দেওয়ায় সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “অবৈধ সরকার গণতন্ত্রে কোনো স্পেস রাখছে না। বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয় না। দেশটাকে তারা স্বৈরাচার একনায়কতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, এর পরিণতি অতীতেও ভালো হয়নি, এখনো হবে না।”
সভা-সমাবেশের অনুমতির ক্ষেত্রে সরকারের দ্বৈতনীতির সমালোচনা করে তিনি বলেন, “গত ৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে। আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও ধানমন্ডির ৩২ নম্বরের রাস্তা বন্ধ করে সমাবেশ করে, মিছিল করে। ক্ষমতাসীনদের জন্য কোনো অনুমতি লাগে না।
“অন্যদিকে বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয় না। আইনি প্রক্রিয়ায় স্বাভাবিক নিয়মে অনুমতি চাইলেও পাওয়া যায় না। সম্প্রতি যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নিজের বাসায় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এক দেশে দুই আইন। গোটা দেশটাকে সরকার পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।”
মির্জা ফখরুল বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আমরা সব আইন মেনে চলতে চেষ্টা করেছি। সভা-সমাবেশ করার ন্যূনতম সুযোগ আমাদের দেওয়া হচ্ছে না।”
