২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বক্তব্যে বিএনপিকর্মীরাও বিব্রত: নাসিম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যুক্তরাজ্যে থাকা বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কূরুচিপূর্ণ’ বক্তব্যে দেশে তার দলের নেতাকর্মীরাও বিব্রত হচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 07:23 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “একজন পলাতক দুর্নীতিবাজ দেশের বাইরে থেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও কূরুচিপূর্ণ কথা বলছে। সেগুলো ‍মুখে আনতেও বাধে।”

“এ সমস্ত পলাতক কাপুরুষদের বক্তব্যের কারণে দেশে থাকা বিএনপির নেতাকর্মীদেরও ক্ষতি হচ্ছে। তার কথায় বিএনপির নেতাকর্মীরাও বিব্রত হচ্ছেন।”

সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের ধারাবাহিকতায় বুধবারও লন্ডনে এক অনুষ্ঠানে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার দাবি তুলেন দুর্নীতির মামলা মাথায় নিয়ে পলাতক তারেক রহমান।

স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে ‘স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী’ আখ্যাও দেন সাবেক সেনাশাসক জিয়াউর রহমানের ছেলে, যিনি পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে আওয়ামী লীগের অভিযোগ।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় জেলহত্যা দিবস ও চলমান রাজনীতি’ বিষয়ে এক আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম। 

কারাগারে জাতীয় চারনেতার হত্যাকাণ্ডের উল্লেখ করে তিনি বলেন, “তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন আমৃত্যু তারা বঙ্গবন্ধুর অনুসারী ছিলেন।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এর পর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় শীর্ষ চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়।

এম মনসুর আলীর ছেলে নাসিম বলেন, “একদিকে ভয়ভীতি, অন্যদিকে ক্ষমতার লোভ লালসা। জাতীয় চার নেতা মৃত্যুকে বেছে নিয়েছেন, লোভের কাছে মাথা নত করেননি।”

শেখ হাসিনার সরকার জেলহত্যার বিচার করেছে উল্লেখ করে তিনি বলেন, “দুর্ভাগ্য বিএনপি-জামাতের ষড়যন্ত্রের কারণে জেলহত্যার বিচারটি পূর্ণাঙ্গভাবে করা যায়নি। অনেক হত্যাকারী রক্ষা পেয়ে গেছে।”

নাসিম বলেন, “তথাকথিত ৭ নভেম্বরকে বিভিন্ন নামে ডাকা হয়। আমি মনে করি, এটা বাঙালি জাতির জীবনে একটা হত্যা দিবস- সিপাহি হত্যা দিবস।

“সিপাহি হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যার জন্যে যে যাত্রা শুরু হয়েছিল, ৭ নভেম্বরে এসে সেটা পূর্ণতা পেয়েছে। গণতন্ত্র হত্যার জন্য সেদিন অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল।”

৩ নভেম্বর রাতেই মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অভ্যুত্থানে গৃহবন্দি হন জিয়া। এরপর ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।

বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসাবে পালন করে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে এবং প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রনায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় মহানগর আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।