সোহরাওয়ার্দীতে ভাষণ দেবেন খালেদা
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার বিকাল ৩টায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে
তিনি বলেন, “মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ইতিমধ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে। ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। মহাগর বিএনপি এর ব্যাপক প্রস্তুতি নিয়েছে।”
৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ওই দিন সকাল ১০টায় শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া।
দিবসটি উপলক্ষে নয়া পল্টনে দলীয় কার্যালয় এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভোরে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া পোস্টার করার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে রিজভী জানান।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারের নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়, জিয়া হন গৃহবন্দী।
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
বিএনপি এই দিনকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস এবং জাসদ সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে।
দিবসটি উপলক্ষে প্রথমে ৭ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেওয়া হলেও পরে তা একদিন পিছিয়ে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।
ফাইল ছবি
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, চারিদিকে ক্ষমতাসীন শকুন হায়েনার বিরুদ্ধে জনগণের সম্মিলিত কণ্ঠস্বর প্রবল বেগে ধাবিত হচ্ছে। এই রক্ত পিপাসুদের পতন অনিবার্য। আমরা মনে করি, প্রবল আন্দোলনের বাঁধভাঙা জোয়ারেই এই অবৈধ সরকারের পতন নিশ্চিত হবে।”
প্রধানমন্ত্রীর বিভিন্ন সময়ের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “তার অগ্নিগরল মেশানো বক্তৃতায় তার সাঙ্গ-পাঙ্গরা কটূক্তি, পেশী প্রদর্শন, অশ্রাব্য ভাষা ব্যবহারে ক্ষান্ত হচ্ছেন না, এদের নির্যাতনে দেশের মানুষজন দিবারাত্রি আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।”
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিষয়ে তিনি বলেন, “ঢাকা মেডিকেল কলেজে ছা্ত্রলীগের কোন্দলে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ খুন হয়েছে। গত চার বছরে তাদের সন্ত্রাসে ২৬ জন খুন হয়েছে। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের পুকুরের সামনে ছাত্রলীগের সোনার ছেলেদের হাতে দুই ভাগ্নীসহ আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ লাঞ্ছিত হয়েছে।”
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, আসাদুল করীম শাহিন, ইশতিয়াক আজিজ উলফাত, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
