চার নেতা হত্যায় আ.লীগ নেতারা জড়িত: গয়েশ্বর
ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে তৎকালীন আওয়ামী লীগ নেতারা জড়িত ছিলেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার সকালে এক সমাবেশে তিনি এ দাবি করেন।
গয়েশ্বর বলেন, “পঁচাত্তরে চার নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে। আমরা এ ধরনের হত্যাকাণ্ড সমর্থন করি না। ওই সময়ে ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগ নেতা রাশেদ মোশাররফের বড়ভাই খালেদ মোশাররফ ক্ষমতায় ছিলেন। আর জিয়াউর রহমান ওই সময়ে বন্দি ছিলেন।”
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুবদলের উদ্যোগে সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ হয়।
ফাইল ছবি
জেলহত্যা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে গয়েশ্বর বলেন, “ওই হত্যাকাণ্ড জিয়াউর রহমানের নির্দেশে হয়েছে, সৈয়দ আশরাফের এই বক্তব্য সঠিক নয়। ওই সময়ে জিয়া বন্দি ছিলেন। ক্ষমতায় ছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতারা।”
জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন দাবি করে তিনি বলেন, “জিয়াউর রহমানের নির্দেশে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন। তার নির্দেশেই বিলুপ্ত আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল। বর্তমানে আওয়ামী লীগের ফ্যাসিস্ট কর্মকাণ্ড দেখে মনে হয়, জিয়ার ওই নির্দেশ একটি ভুল সিদ্ধান্ত ছিল।”
সমাবেশে বিএনপি ও জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন গয়েশ্বর।
তিনি বলেন, “গতকাল অবৈধ প্রধানমন্ত্রী যেসব বক্তব্য রেখেছেন, তা সফদার ডাক্তার ছড়ার মতো। ওই ছড়ায় আছে- সফদার ডাক্তার, মাথা ভরা টাক তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে। আর এখনকার প্রধানমন্ত্রীর অবস্থাটা এমন যে, শেখ হাসিনা নাম যার, মাথা গরম তার। খিদে পেলে রক্ত খায় চিবিয়ে।”
যুবদল সভাপতি আলালসহ আটক নেতা-কর্মীদের মুক্তির জন্য কেবল স্লোগান না দিয়ে রাজপথে আন্দোলন জোরদারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ বক্তব্য রাখেন।
