২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালে পেছাল বিএনপির ৩ বৈঠক

জোটসঙ্গী জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম স্থায়ী কমিটির বৈঠকসহ তিনটি দলীয় বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 03:36 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

যুদ্ধাপরাধ মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান এবং একই অভিযোগে ট্রাইব্যুনালের রায়ে শুরা সদস্য মীর কাসেম আলীর ফাঁসির আদেশের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াত।

এর আগে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে গত বৃহস্পতি, রবি ও সোমবারও হরতাল করে তারা।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার সাংবাদিকদের জানান, বুধবার রাত সাড়ে ৮টায় স্থায়ী কমিটির বৈঠকের যে সূচি ছিল, তা হবে ১৩ নভেম্বর।

একইভাবে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নির্ধারিত ভাইস চেয়ারম্যান-যুগ্ম মহাসচিবদের বৈঠক পিছিয়ে ১১ নভেম্বর নেওয়া হয়েছে।

রোববার হরতালের কোনো ঘোষণা এখনো না থাকলেও ওইদিন নির্ধারিত উপদেষ্টা পরিষদের বৈঠকটি পিছিয়ে নেওয়া হয়েছে পরদিন রাত সাড়ে ৮টায়।

১২ নভেম্বর কিশোরগঞ্জে এক জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার।