২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিপর্যয় ‘রহস্যজনক’: বিএনপি

সারা দেশে শনিবারের বিদ্যুৎ বিপর্যয়কে ‘রহস্যজনক’ হিসেবে দেখছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 06:51 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

রোববার এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সরকার বেগম খালেদা জিয়া ও বিএনপি আতঙ্কে ভুগছে। গতকাল (শনিবার) দেশে নিরবচ্ছিন্ন ব্ল্যাক আউট সরকারের এক গভীর চক্রান্তেরই অংশ কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

“কারণ আমরা মনে করি, গতকাল সকাল ১১টা থেকে প্রায় ১১/১২ ঘন্টা সারাদেশে বিদ্যুৎ না থাকাটা এক রহস্যজনক বিষয়।”

শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর সারাদেশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। মেরামত কাজ চলার মধ্যে বিকালে আবার গ্রিডে বিপর্যয় দেখা দেয়। ফলে সন্ধ্যা নামার পর থেকে অন্ধকারে ডুবে যায় সারা দেশ।

রাতের মধ্যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। রোববার সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে নাটোরে এক জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা এজন্য সরকারকে দায়ী করেন।

রিজভী বলেন, “গতকাল নাটোরের জনসভার খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যাতে সরাসরি সম্প্রচার না হতে পারে সেজন্য সরকার কারসাজির আশ্রয় নিয়েছে বলে মানুষ মনে করে।

“যেমন এর আগেও বেশি কিছু ইলেক্ট্রনিক মিডিয়া দেশনেত্রীর জনসভার চিত্র সরাসরি সম্প্রচার করতে চাইলেও তা সরকারি হুকুমে সম্প্রচার করতে পারেনি।’’

বিদ্যুতের সমস্যার জন্য সরকারের ‘ভ্রান্তনীতিকে’ দায়ী করে তিনি বলেন, “সরকার বিদ্যুৎ নিয়ে বহু ভেল্কিবাজি জনগণকে দেখিয়েছে। তারা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নীতি গ্রহণ করেছে। ফলে ক্ষমতাসীন লুটেরাদের পকেট ভারী হয়েছে। সরকারি দুর্নীতি ও ভ্রান্তনীতির কারণে বিদ্যুতের ব্যয় বেড়েছে। বিদ্যুতের দাম সমন্বয়ের নামে তারা গরিবের পকেট কাটা ও কৃষি খাত ধ্বংসের উদ্যোগ গ্রহণ করেছে।

“আমরা মনে করি, প্রধানমন্ত্রীর ক্রোধ মূলত জনগণের ওপর। তিনি আগে বলেছিলেন, যারা বিদ্যুৎ নেই নেই বলে, তাদের বাসায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হবে। এখন সবার মনে একই প্রশ্ন জেগেছে, গতকাল দিন-রাতের নিরবচ্ছিন্ন অন্ধকার কি সেই ক্রোধের বহিঃপ্রকাশ।”

ফেনীর ফুলগাজীর জাসাস সভাপতি গোলাম রসুল গোলাম, ঢাকার আশুলিয়ায় ছাত্রদল নেতা রাজু, জাকির ও আলমগীরের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের অবিলম্বে মুক্তি চান রিজভী।

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, মীর সরফত আলী সপু উপস্থিত ছিলেন।