২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আন্দোলন না হলে নেতাদের ঘেরাও: দুলু

নির্দলীয় সরকারের দাবিতে ঢাকায় নেতারা রাজপথে না নামলে তাদের ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2014, 11:23 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

শনিবার নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়ার উপস্থিতিতে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।  

দুলু বলেন, “গতবার ঢাকায় আন্দোলন হয়নি, তারা ব্যর্থ হয়েছে। এবার যদি ঢাকায় আন্দোলন সফল করতে না পারে, কেন্দ্রীয় নেতাদের ঘেরাও করা হবে।”

নির্দলীয় সরকারের দাবিতে নির্বাচন বর্জনের পর গত বছর ভোট ঠেকানোর আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তখন ঢাকায় ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি দিলেও ব্যাপক পুলিশি অবস্থানের মধ্যে নেতা-কর্মীদের রাজপথে দেখা যা্য়নি। এরপর নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

তখন বিএনপির ঢাকার নেতৃত্বও তোপের মুখে পড়ে। নির্বাচন হয়ে যাওয়ার পর ঢাকার কমিটি বদলানো হয়। নতুন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসও নাটোরের জনসভায় ছিলেন। 

সভায় সভাপতিত্বকারী নাটোর জেলা বিএনপির সভাপতি দুলু বলেন, “ম্যাডাম আমরা বলতে চাই, এবার যদি ঢাকায় আন্দোলন না হয়, আমরা নাটোরবাসীরা ঢাকা ঘেরাও করবে। কেবল আপনি (ম্যাডাম) অনুমতি দিলেই তা হবে।”

এই সময়ে মুহুর্মুহু করতালি পড়ে জনসভায় উপস্থিত নেতা-কর্মী-সমর্থকদের।

সাবেক প্রতিমন্ত্রী দুলু বিএনপির কেন্দ্রীয় কমিটিরও নেতা। তিনি স্বনির্ভর বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন পাঁচ বছরের বেশি সময় ধরে।

রাজধানীতে আন্দোলন গড়ে ওঠা না দিয়ে ঢাকার বাইরের বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর নীলফামারীর জনসভায় বলেছিলেন, “৫ জানুয়ারি আমার ডাকে সারাদেশে জনগণ রাস্তা-ঘাট বন্ধ করে দিয়েছিল। শুধু ঢাকায় আন্দোলন হয়নি। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এবার ঢাকায়ও আন্দোলন হবে।”