২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসভার সম্প্রচার ঠেকাতে বিদ্যুৎ বন্ধ: খালেদা

জাতীয় গ্রিডে বিপর্যয়ে সারা দেশ বিদ্যুৎহীন হওয়ার প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তার জনসভা সরাসরি সম্প্রচার আটকাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2014, 09:33 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

শনিবার বিকালে নাটোরে ২০ দলের জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া, তখনো বিদ্যুৎহীন প্রায় পুরো দেশ। জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বেলা সাড়ে ১১টা থেকেই গোটা দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বিদ্যুৎ না থাকায় কল-কারখানায় কার্যক্রম বন্ধ হয়ে যায়,পানি সংকটে নগরজীবনে দেখা দেয় ভোগান্তি। চিকিৎসার মতো জরুরি সেবাও বিঘ্নিত হয়। বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ টেলিভিশন ও বেতার সম্প্রচারে থাকলেও বিদ্যুৎ না থাকায় টেলিভিশন দেখতে পারেননি দেশবাসী। 

বিদ্যুৎ বিপর্যয়ের কথা তুলে ধরে খালেদা জিয়া বলেন, “বিদ্যুতের কী অবস্থা! বিদ্যুৎ আসে, বিদ্যুৎ যায়। কোথাও মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুতের বেহাল অবস্থা চলছে।

“আজ  আমাদের জনসভা যাতে সরাসরি সম্প্রচার না হতে পারে, সেজন্য সরকার বিদ্যুৎ বন্ধ করে রেখেছে।”

সকাল থেকে বিদ্যুৎ না থাকায় নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে খালেদা জিয়ার সভা মঞ্চের বাতি, ফ্যান ও মাইকের জন্য জেনারেটর বসানো হয়। জনসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটাও বন্ধ হেয়ে যায়।

এদিকে প্রায় আট ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর রাত সাড়ে ৭টার দিকে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ আসতে শুরু করে।

পুরনো খবর:

হাসিনা ‘হিটলারি’ কায়দায় দেশ চালাচ্ছেন: খালেদা