২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের অভিযোগ গঠন ফের পেছাল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 02:23 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

মামলাটির বিষয়ে আসামিপক্ষের একটি আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় তাদের সময়ের আবেদন মঞ্জুর করে সোমবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক অভিযোগ গঠনের শুনানির জন্য ৩১ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করে দেন।

মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ,গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৪০ জন এদিন আদালতে উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা মকবুল হোসেনসহ এ মামলার চার আসামি পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং যানবাহনে অগ্নিসংযোগ করে।

পরে বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার এ মামলা দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরুল আমীন চলতি বছর ২৫ মে  মির্জা ফখরুলসহ আরও ১০ জনের নাম যোগ করে মোট ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।