খালেদার ডাক মানুষ প্রত্যাখ্যান করেছে: মুহিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কঠিন আন্দোলনের ডাক দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার সিলেটে তিনি সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়া গত এক বছর ধরে কঠিন আন্দোলনের হুমকি দিয়ে আসছেন, কিন্তু দেশের মানুষ তার কঠিন আন্দোলনের ডাক প্রত্যাখ্যান করেছে।”
ফাইল ছবি
খালেদা জিয়া বারবার কঠিন আন্দোলনের ডাক দিচ্ছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। দেশের মানুষ কোনো কঠিন আন্দোলনে যায়নি, কারণ তারা আন্দোলন চায় না, বলেন মুহিত।
আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে রোববার ইসলামী আন্দোলনের ডাকা হরতাল সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, গোলমাল সৃষ্টি করতেই এই হরতাল আহ্বান করা হয়েছে।
জনবিচ্ছিন্নরা হরতালের সুযোগে কিছু একটা করতে চায়-বলে মন্তব্য করেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
