‘তারা নিজেরাই নিজেদের মানছেন না’
নবগঠিত কেন্দ্রীয় কমিটি নিয়ে বিএনপি’র ছাত্রসংগঠন ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দলটির আন্দোলনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রোববার বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫০ তম জন্মবাষির্কীতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘চলমান রাজনীতি’ নিয়ে বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় তিনি বলেন, “ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেরাই তো নিজেদের মধ্যে মারামারি করছে।
“তারা তো নিজেরাই নিজেদের মানছেন না। যারা নিজেরা নিজেদের মানছেন না তারা আবার কিসের আন্দোলন করবে? তাদের আন্দোলন জনগণের জন্য নয়। বিএনপি ক্ষমতায় গিয়ে কী করেছে তা জনগণ দেখেছে।”
বিএনপিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আপনারা আমাদের সমালোচনা ছেড়ে, জনগণকে ভাল প্রতিশ্রুতি দেন। বিনা পয়সা বিদ্যুৎ দিবেন বা আরো কত কী দিবেন সেগুলো জনগণের কাছে প্রতিশ্রুতি দেন। তাহলে জনগণ আপনাদের কাছে যাবে।”
তিনি বলেন, “জনগণ জ্বালাও পোড়াও চায় না। তারা চায় শান্তি। আপপনারা ক্ষমতায় এসে কী করেছেন তা জনগণ জানে আর গত বছর সরাদেশে কীভাবে মানুষ হত্যাসহ জ্বালাও পোড়াও করেছে তা বাংলার জনগণ জানে।”
কামাল বলেন, “যারা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা অত্যন্ত নির্মম। তারা এখনও ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ উন্নয়নের গতিপথে আসামাত্র বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।”
আলোচনা সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমণ্ডলির সদস্য সাহারা খাতুন বলেন, “৭৫ সালে বঙ্গবন্ধুকে রাজনৈতিক কারণে হত্যা করা হলে মহিলা ও শিশুদের কেন হত্যা করা হলো?”
ফাইল ছবি
এরপরের দিন এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার ওই বক্তব্যকে ‘স্রেফ মিথ্যাচার’ বলে প্রতিক্রিয়া জানান।
এর জবাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেয়া বক্তব্য সাহারা খাতুন মির্জা ফখরুলকে ওই বক্তব্য দেয়ার জন্য ‘বেয়াদব’ বলে ভৎর্সনা করে বলেন, “আমাদের নেত্রীর শরীরে বঙ্গবন্ধুর রক্ত। তিনি কখনও মিথ্যা বলছে পারেননা।”
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু বলেন, “কথার ফুলঝুঁড়ি নয়। সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।”
এছাড়াও অলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন আওয়ামী লীগের সাবেক এবং বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।
