২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মানহানির মামলায় এ্যানির জামিন

মানহানির মামলায় ফরিদপুরের আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার ফরিদপুরের ৭ নম্বর বিচারিক আদালতে হাজির হয়ে এ্যানি জামিন চাইলে বিচারক সরোয়ার হোসেন তা মঞ্জুর করে পরবর্তী শুনানির ঠিক করেন।

এ্যানির আইনজীবী গোলাম রব্বানি ভূইয়া রতন বলেন, ২০১৩ সালের ১১ মার্চ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ফরিদপুরে দুটি মামলা হয়। মামলার নিয়মিত হাজিরা দিয়ে আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করে আগামী ৩১ ডিসেম্বর পরবর্তী হাজিরার তারিখ রেখেছেন।

তিনি জানান, গত বছর ঢাকায় বিএনপির এক সমাবেশে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে ‘রাজাকার’ বলেন এ্যানি, যা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়।

এতে ক্ষুব্ধ হয়ে মন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর বাদী হয়ে ওই বছরের ১১ মার্চ ফরিদপুরের আদালতে মানহানির মামলা দায়ের করেন।

একই ঘটনায় প্রবাসী কল্যাণমন্ত্রী নিজে বাদী হয়ে এ্যানির বিরুদ্ধে মানহানি ও ৫০ কোটি টাকা ক্ষতিপূরণের আরেকটি মামলা করেন।