জামায়াত-শিবিরকে নিষিদ্ধের বিকল্প নেই : বাদশা
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
রোববার বিকেলে রাজশাহীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে ওয়ার্কার্স পার্টির পদযাত্রা কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কোনো বিকল্প নেই। এটি না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আর রক্ষা করা যাবে না।”
‘অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ গড়ার পাশাপাশি সাম্প্রদায়িক সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধের মধ্য দিয়ে মেহনতি মানুষের অধিকার আদায়ে রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতেই ওয়ার্কার্স পাটি এই ‘পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে বলে ফজলে হোসেন বাদশা তার বক্তৃতায় বলেন।
তিনি বলেন, “কোনো আদর্শিক দল ছাড়া সাম্প্রদায়িকতাকে মোকাবেলা করা সম্ভব নয়। ওয়ার্কার্স পার্টি একটি আদর্শিক শক্তির রাজনৈতিক দল। এই দলটি দেশ ও দেশের কৃষক, মেহনতি এবং অধিকার বঞ্চিত মানুষের জন্য রাজনীতি করে। তাই ওয়ার্কার্স পার্টি সমাজ পরিবর্তনে বিশ্বাস করে। আর আজকের পদযাত্রার মধ্যে দিয়ে পরিবর্তনের সেই ধারা সূচিত হলো।
“দেশে গণজাগরণ সৃষ্টি করতে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, দুনীতি, কালো টাকার বিরুদ্ধে এখন থেকে মহাল্লায়-মহল্লায়, গ্রামে-গ্রামে এ পদযাত্রা হবে। এ পদযাত্রা দেশের সকল ষড়যন্ত্রকে রুখে দিবে, মৌলবাদকে রুখে দিবে, জঙ্গিবাদকে রুখে দিবে। যারা এ রাজনীতি বুঝতে চাইবেন না, তারা আর রাজনীতি করতে পারবেন না।”
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, “বঙ্গবন্ধু চেয়েছিলেন ২২ পরিবারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে সোনার বাংলা গড়তে। তিনি সেই স্বপ্ন পূরণ করে যেতে না পারলেও ওয়ার্কার্স পার্টি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করে সেই পাক দোসরদের এখান থেকে উৎখাত করবে।
“বাংলাদেশে জঙ্গিবাদকে উস্কানোর জন্য, মৌলবাদকে উস্কানোর জন্য, স্বাধীনতা বিরোধিদের উস্কানোর জন্য যারা মদদ দিচ্ছে তাদের দাঁত ভাঙা জাবাব দিবে ওয়ার্কাস পার্টি।”
ফজলে হোসেন বাদশা বলেন, “বিএনপি, জামায়াত ও মার্কিন সাম্রাজ্যবাদ একই সুতোয় গাঁথা। ৭৫’র ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তারা কেবল সামরিক শাসনই টেনে নিয়ে এসেছে। এখন জামায়াতকে ছাড়া বিএনপি অচল।
“বিএনপিই জামায়াতকে ধর্মের নামে রাজনীতি করার ক্ষমতা দিয়েছে। আদর্শগত সংহতি থাকায় রাজনীতি থেকে তাদের বিদায় দেওয়ার সময় এসেছে।”
এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ পদযাত্রাকে গণ-আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমাণিক দেবু, জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক শামসুজ্জোহা প্রমুখ।
এদিকে, লাল পতাকা হাতে নিয়ে ওয়ার্কার্স পার্টির এই পদযাত্রাটি রাজশাহী শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে কোর্ট স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ওয়ার্কার্স পার্টির মহানগর ও জেলার স্থানীয় নেতারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।
