মিরসরাইয়ে রোববার বিএনপির হরতাল
চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ চৌধুরীর হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে রোববার হরতাল করবে স্থানীয় বিএনপি।
শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে এই আল্টিমেটাম দেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন।
হত্যাকারীদের ধরতে পুলিশের গাফিলতির অভিযোগ করেন নুরুল আমিন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শায়েরখালী ভোরের বাজারে সন্ত্রাসীদের হামলায় গুরতর আহত আদিলকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
হত্যার ঘটনায় আদিলের বাবা ১৬ জনকে আসামি করে শুক্রবার বিকালে মিরসরাই থানায় একটি মামলা করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হত্যার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূইয়া জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
