পররাষ্ট্রমন্ত্রী ‘মিথ্যাচার’ করেছেন: শমসের
নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ‘মিথ্যাচার’ করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
যুক্তরাষ্ট্র সফর নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় বিএনপির এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এ অভিযোগ তোলেন ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২২ থেকে ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও জাতিসংঘ ও কমনওয়েলথের মহাসচিবের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বলে শুক্রবারের সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিঙে শমসের মবিন বলেন, “অবৈধ সরকারের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন। এটা ঠিক নয়।
“সেদিন জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের দাপ্তরিক কর্মসূচিতে লেখা আছে- শনিবার ৯টা থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে ফটো অপরচুনিটি।ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫ মিনিট, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে ১৫ মিনিট, আফগানিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৫ মিনিট করে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের শিডিউল নির্ধারিত ছিল।
“এই কর্মসূচির কাগজ থেকে বোঝা যায়, পররাষ্ট্রমন্ত্রী অতীতের মতো এবারো মিথ্যাচার করেছেন।”
ইসরায়েলের রাষ্ট্রদূতকে নৈশভোজে আমন্ত্রণ জানানো সংক্রান্ত একটি খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে শমসের মবিন বলেন, “ইসরায়েলের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই। পাসপোর্টেও ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা আছে। অথচ আমাদের দেশের রাষ্ট্রদূত কূটনীতিক আইন লঙ্ঘন করে তার বাসভবনে ওই নিষিদ্ধ দেশের রাষ্ট্রদূতকে নৈশভোজে আমন্ত্রণ করেছেন।”
নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের প্রসঙ্গে সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, “বিশাল বহর নিয়ে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক গেছেন। সরকারিভাবে ঘোষিত তালিকা ১৮৫ জনের। নিরাপত্তা কর্মীসহ এই সংখ্যা দুইশ’র ওপরে। অথচ শ্রীলঙ্কার প্রতিনিধি দল ২৫ জনের, নেপালের ১৫ জনের।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ ব্রিফিং হয়।
